এটিএম বুথ থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জ জেলা সদরে পূবালী ব্যাংক প্রধান শাখার এটিএম বুথ থেকে গতকাল রোববার আবদুল হক (৪৮) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই বুথের নিরাপত্তাকর্মী ছিলেন। তাঁর বাড়ি পৌর এলাকার উমেদনগর গ্রামে।
থানা-পুলিশ সূত্রে জানা যায়, বেলা তিনটার দিকে শহরের পোস্ট অফিস এলাকায় পূবালী ব্যাংকের এটিএম বুথে টাকা তুলতে যান একজন গ্রাহক। এ সময় তিনি বুথের ভেতরে একটি মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। আশপাশের লোকজন জানান, মরদেহটি বুথের দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মী আবদুল হকের। পরে তাঁর পরিবারের লোকজন ও ব্যাংকের কর্মকর্তারা লাশটি শনাক্ত করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ জেলা আধুনিক হাসপাতালে নেওয়া হয়েছে। আবদুল হক প্রায় এক বছর ধরে এ বুথে নিরাপত্তাকর্মীর দায়িত্বে ছিলেন।
গতকাল রাত সাড়ে আটটার দিকে শাখা ব্যবস্থাপক সোমবারু চন্দ্র মোহন্ত মুঠোফোনে বলেন, ‘ফোনে আবদুল হকের মৃত্যুর খবর জেনেছি। বুথে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাস্থলে আসার জন্য রওনা হয়েছি। পৌঁছানোর পর বিস্তারিত জানাতে পারব।’