এটিএম বুথে নিয়ে ছিনতাই

নিচের ছবিটি দেখুন। ২ নভেম্বর, রাত ৮টা ৩৫ মিনিটে রাজধানীর নিকেতনে একটি ব্যাংকের এটিএম বুথে থাকা নিরাপত্তা ক্যামেরায় ধরা পড়েছে এ ছবি। এটিএন নিউজের এক কর্মকর্তাকে (কাঁচা-পাকা চুল, চেক শার্ট) অস্ত্রের মুখে ধরে ওই বুথ থেকে ৫০ হাজার টাকা তুলে নেয় ছিনতাইকারীরা। বুথের ভেতরে এটিএন নিউজের কর্মকর্তার পেছনে দাঁড়ানো দুই ব্যক্তিই ছিনতাইকারী।
ছিনতাইয়ের শিকার ওই ব্যক্তি জানান, ২ নভেম্বর রাত আটটার দিকে কারওয়ান বাজারে নিজের কার্যালয় থেকে বের হয়ে তেজগাঁও শিল্পাঞ্চলে যাওয়ার জন্য রিকশায় ওঠেন। রিকশাটি সাতরাস্তা পার হয়ে ভেতরে ঢুকতেই আরেকটি রিকশা এসে পথ আটকায়। কয়েক সেকেন্ডের মধ্যেই অস্ত্রের মুখে জিম্মি করে তাঁকে ওঠানো হয় সন্ত্রাসীদের রিকশায়। রিকশার পাশ ঘেঁষে তখন একটি মোটরসাইকেলও চলছিল। ছিনতাইকারীরা মানিব্যাগ তল্লাশি করে দুই হাজার টাকা ও ব্যাংকের এটিএম কার্ড পায়। কার্ড দেখেই তারা ব্যাংক থেকে টাকা তুলে দেওয়ার দাবি করে। এ সময় রিকশায় থাকা অস্ত্রধারী সন্ত্রাসী মোটরসাইকেলে থাকা আরেক সন্ত্রাসীকে বলে, ‘বুথটা রেডি কর।’ এরপর রিকশায় করে সন্ত্রাসীরা তাঁকে নিকেতন আবাসিক এলাকায় নিয়ে যায়। সেখানে ৩ নম্বর সড়কে একটি ব্যাংকের এটিএম বুথে থামে রিকশা।
বুথের সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, ৮টা ৩৩ মিনিট ৪৮ সেকেন্ডে প্রথমে দুজন বুথে ঢোকে। নিরাপত্তাকর্মীর সামনে তাঁকে রীতিমতো জোর করে বুথে ঢোকানো হয়। ছিনতাইকারী কার্ড ঢুকিয়ে প্রথমে মোট টাকার অঙ্ক (ব্যালান্স) জেনে নেন। এ সময় সঙ্গে থাকা অস্ত্রটি নাড়াচাড়া করতে থাকে ছিনতাইকারী। এক মিনিট পরে ওই বুথে ঢোকে আরেক ছিনতাইকারী। ব্যালান্স দেখার পর অস্ত্রধারী ছিনতাইকারী কর্মকর্তাকে আঘাত করে জানতে চায় একসঙ্গে কত টাকা তোলা যাবে। শোনার পরে তিন দফায় তারা ৫০ হাজার টাকা তুলে নেয়।
সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, ৮টা ৩৭ মিনিটে ছিনতাইকারীদের একজন বের হয়ে যায়। বাইরে আরেক গ্রাহক অপেক্ষা করছেন। সেখান থেকে বের করে তাঁকে রিকশায় তুলে দিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা।
জানতে চাইলে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘তদন্ত চলছে। আশা করি দু-এক দিনের মধ্যেই ধরে ফেলব।’