এডিপির প্রকল্প অনুমোদনের সভায় হট্টগোল
পঞ্চগড়ে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) প্রকল্প অনুমোদনের জন্য আয়োজিত সভায় হট্টগোল হয়েছে। এডিপির অর্থ বণ্টন নিয়ে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে সমঝোতা না হওয়ায় উপজেলা পরিষদের চেয়ারম্যানরা হট্টগোল করে সভা বর্জন করেন।
গতকাল সোমবার দুপুরে জেলা পরিষদ হলরুমে জেলা পরিষদ কর্তৃপক্ষ প্রকল্প অনুমোদনের ওই সভা আয়োজন করে। সভায় ২০১৪-২০১৫ অর্থবছরের জন্য এডিপি বরাদ্দ দেওয়া এক কোটি ৫৩ লাখ টাকা বণ্টন করার কথা ছিল। কিন্তু এই অর্থে উপজেলা পরিষদের চেয়ারম্যানদের প্রকল্প গ্রহণের সুযোগ দেওয়া হয়নি। আবার এ অর্থ সঠিকভাবে বণ্টন না করার অভিযোগে কমিটির সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যানরা এ সভা বর্জন করেন।
উপজেলা পরিষদের চেয়ারম্যানরা অভিযোগ করেন, জেলার পাঁচটি উপজেলায় জনসংখ্যা ও আয়তনের ওপর ভিত্তি করে বরাদ্দ করা এক কোটি ৫৩ লাখ টাকা বণ্টন করার কথা। কিন্তু পঞ্চগড়-১ আসনের সাংসদ নাজমুল হক প্রধান তিনটি উপজেলার জন্য ৩৭ লাখ টাকা এবং পঞ্চগড়-২ আসনের সাংসদ মো. নূরুল ইসলাম দুটি উপজেলার জন্য ৪৩ লাখ টাকার প্রকল্প দেন। সভায় দুই সাংসদকে বণ্টন করা অর্থ বাদে অবশিষ্ট প্রায় ৫৭ লাখ টাকা উপজেলা পরিষদ চেয়ারম্যানদের মধ্যে বণ্টন করে দেওয়ার অনুরোধ জানানো হয়। কিন্তু সভার সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক উপজেলা চেয়ারম্যানদের উপজেলাপ্রতি মাত্র এক লাখ টাকা করে বণ্টন করে দিতে রাজি হন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে হট্টগোলের একপর্যায়ে উপজেলা পরিষদের চেয়ারম্যানরা সভা বর্জন করে সভাস্থল ত্যাগ করেন।
দেবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসনাৎ জামান চৌধুরী বলেন, ‘এডিপির এক কোটি ৫৩ লাখ টাকা জেলা পরিষদের ১০ ভাগ (১৫ লাখ ৩০ হাজার) এবং সংসদ সদস্যদের পাঠানো প্রকল্প বাদ দিয়ে জনসংখ্যা ও আয়তনের ভিত্তিতে আমরা বণ্টন করতে চেয়েছিলাম। কিন্তু জেলা পরিষদ প্রশাসক আমাদের মতামতকে উপেক্ষা করে এককভাবে সিদ্ধান্ত গ্রহণ করায় আমরা সভা বর্জন করি।’
জেলা পরিষদ প্রশাসক আবু বক্কর ছিদ্দিক অভিযোগ অস্বীকার করে বলেন, সভায় প্রকল্প গ্রহণ ও অর্থ বণ্টনের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। পাঁচ উপজেলার মধ্যে মাত্র তিনজন চেয়ারম্যান সভায় উপস্থিত ছিলেন। তাঁরা কোনো কিছু না বলেই সভাস্থল ছেড়ে চলে যান।
জেলা পরিষদের প্রধান নির্বাহী আহমেদ কবীর বলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যানরা প্রকল্প প্রস্তাব করে অর্থ বরাদ্দ চাননি। এটা করলে সভায় বিবেচনা করা বা না করার সুযোগ ছিল।