এডিপির ১০টি প্রকল্পের হদিস পাওয়া যাচ্ছে না!
বান্দরবানের থানচি উপজেলার বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) ১০টি প্রকল্পের প্রায় ৪০ লাখ টাকার কাজের কোনো হদিস পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে। কাগজপত্রে প্রকল্পগুলোর কাজে কোনো ত্রুটি না থাকলেও বাস্তবে কোথায় কী কাজ হয়েছে, তা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলীরাও জানাতে পারেননি।
প্রকল্প এলাকার স্থানীয় লোকজন বলেছেন, তাঁদের পাড়ায় ও এলাকায় এসে এলজিইডির লোকজন গত বছর বাড়ি ও সড়ক নির্মাণের কাজের পরিমাপ করে নিয়ে গেছেন। কিন্তু কোনো কাজ হয়নি। প্রকল্পের বিষয়টি জানাজানি হওয়ার পর এখন কার্বারিদের (পাড়াপ্রধান) কাউকে ৫০ হাজার, কাউকে ৭০ হাজার টাকা গুঁজে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা বলেছেন, ২০১৩-১৪ অর্থবছরে উপজেলার এডিপির আওতায় চারটি ইউনিয়নে প্রায় এক কোটি ব্যয়ে ২৫টি প্রকল্প বাস্তবায়নের জন্য দরপত্র আহ্বান করা হয়। প্রকল্পগুলোর মধ্যে ১৪টির কাজ হয়েছে। যদিও সেগুলোর কাজও অত্যন্ত নিম্নমানের। কিন্তু তিন থেকে পাঁচ লাখ টাকায় ছোট ছোট অবকাঠামো নির্মাণের ১১টি প্রকল্পের কোনো কাজ না করে কাগজে-কলমে কাজের অগ্রগতি দেখিয়ে বিল তুলে নেওয়া হয়েছে।
থানচি উপজেলা চেয়ারম্যান ক্যহ্লাচিং মারমা বলেন, এডিপির কাজের ব্যাপারে তাঁকে অবহিত করা হয়নি। উপজেলা প্রকৌশলী উপজেলায় থাকেন না। এ জন্য বিষয়টি তাঁর জানা নেই।
থানচি সদর ইউপির চেয়ারম্যান মাংসার ম্রো বলেন, সদর ইউনিয়নে নাইদারিপাড়া ও ক্যবহ্রীপাড়া মারমা শিক্ষাকেন্দ্র নির্মাণ, অফিসার্স ক্লাব মেরামত, তুকটংপাড়া কমিউনিটি সেন্টার, নাইদারিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার ব্রিক সলিংসহ কয়েকটি প্রকল্পের কোনো কাজ হয়নি।
বলীপড়া ইউপির চেয়ারম্যান বাশৈচিং মারমা বলেন, তাঁর ইউনিয়নে দুদুমিয়াঘাট থেকে উচ্চবিদ্যালয় পর্যন্ত রাস্তার ব্রিক সলিং, নাইক্ষ্যংপাড়া মারমা কমিউনিটি সেন্টার নির্মাণের কাজ হয়নি। এ ছাড়া বলীপাড়া বিহার হোস্টেলের পুরোনো বিল্ডিং মেরামতের কাজ ইতিমধ্যে ইউএনডিপি থেকে করা হচ্ছে। তিন্দু ও রেমাক্রি ইউনিয়নেও এভাবে বেশ কয়েকটি প্রকল্পের কোনো কাজ হয়নি বলে রেমাক্রি ইউপির চেয়ারম্যান মালিরাম ত্রিপুরা জানিয়েছেন।
১০টি প্রকল্পের প্রায় ৪০ লাখ টাকার কাজ না হওয়ার ব্যাপারে জানতে চাইলে এলজিইডির উপসহকারী প্রকৌশলী কবীর আহমেদ বলেন, এডিপি প্রকল্প সম্পর্কে তিনি কিছু জানেন না। তাঁকে মাঠপর্যায়ে কাজের তত্ত্বাবধান করার জন্যও বলা হয়নি।
নাইদারিপাড়ার কার্বারি চাইশৈপ্রু মারমা বলেন, সম্প্রতি এলজিইডির প্রকৌশলীরা তাঁকে ডেকে ৫০ হাজার টাকা গুঁজে দিতে চেয়েছেন। কিন্তু তিনি রাজি হননি। ক্যবহ্রীপাড়ার কার্বারির ছেলে থোয়াইহ্লা প্রু বলেন, বিষয়টি এখন জানাজানি হওয়ায় এলজিইডির লোকজন তাঁকে ডেকেছেন। কিছু টাকা নিয়ে তাঁদের পাড়ার মারমা শিক্ষাকেন্দ্রের কাজ করার জন্য অনুরোধ করেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ইউএনডিপির একজন কর্মকর্তা বলেছেন, বলীপাড়া বিহার হোস্টেলের কাজটি পাঁচ লাখ টাকা ব্যয়ে তাঁরা করছেন। কিন্তু বিষয়টি জেনে কি না জেনে এলজিইডির এডিপি প্রকল্পের দরপত্রে হোস্টেলটি অন্তর্ভুক্ত করা হয়েছে। বিষয়টি তাঁরা যথাযথ কর্তৃপক্ষের কাছে জানাবেন বলে তিনি জানিয়েছেন।
উপজেলা প্রকৌশলী শরীফুল ইসলাম কিছু প্রকল্পে কাজ না হওয়ার কথা স্বীকার করে বলেছেন, এডিপির চতুর্থ কিস্তির টাকা না পাওয়ায় তাঁরা কাজ করতে পারেননি। কিন্তু ওই প্রকল্পগুলোর তৃতীয় কিস্তি পর্যন্ত পাওয়া টাকায় কাজ হয়নি কেন, জানতে চাইলে শরীফুল বলেন, চতুর্থ কিস্তি পাওয়া না গেলেও ওই টাকা দিয়ে কিছু প্রকল্পের কাজ শেষ করা হয়েছে। পরবর্তী টাকা পাওয়া গেলে কাজ না হওয়া প্রকল্পের কাজ সমন্বয় করে নেওয়া হবে।