
রাজধানীর আবদুল গণি রোডে বিদ্যুৎ ভবনের এক পাশে সচিবালয়। উল্টোদিকে পুলিশ নিয়ন্ত্রণকক্ষ। চারদিকে নিরাপত্তা। এর মাঝেও ঠিকাদারি কাজের দরপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার সকালে সরকার-সমর্থক দুই দলের মধ্যে মারামারি হয়েছে। এ সময় গুলিতে একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
এই মারামারি ও গুলির ঘটনা ঘটলেও সেখানে কর্মরত নিরাপত্তাকর্মী ও পুলিশ সদস্যদের কোনো তৎপরতা ছিল না। প্রত্যক্ষদর্শীরা বলছেন, দুই দলই সরকার-সমর্থক হওয়ায় পুলিশ তাঁদের ঘাঁটাতে যায়নি। তবে এ ঘটনায় সামান্য আহত হয়ে মামুন নামে এক ব্যক্তি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে গেলে পুলিশ তাঁকে আটক করে।
জানতে চাইলে শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) সাইদুল হক ভুঁইয়া প্রথম আলোকে বলেন, ঘটনাটি ছিল তাৎক্ষণিক। এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় সামান্য আহত মামুন নামে একজনকে আটকের কথা তিনি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনার বিষয়ে কেউ থানায় অভিযোগ করেননি।
ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানির (ডিপিডিসি) প্রধান প্রকৌশলী দিলীপ কুমার সেন প্রথম আলোকে বলেন, ডিপিডিসির তেজগাঁও সাব-স্টেশন ভবন সম্প্রসারণের ৩৩ লাখ টাকার ঠিকাদারি কাজ ও মাদারটেক সাব-স্টেশনের সীমানাদেয়াল নির্মাণের জন্য ৪৪ লাখ টাকার কাজের দরপত্র জমার শেষ দিন ছিল গতকাল। বিদ্যুৎ ভবনের তৃতীয় তলায় দরপত্রের বাক্স রাখা ছিল। সেখানে কোনো গণ্ডগোল হয়নি। তিনি বলেন, ‘তবে আমি শুনেছি, নিচতলায় কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। তা টেন্ডারের কারণে, না অন্য কারণে ঘটেছে বা কারা ঘটিয়েছে, তা আমরা জানি না।’
গতকাল দুপুরে বিদ্যুৎ ভবনে গিয়ে দেখা যায়, নিচতলায় কয়েকটি ফুলের টব ভেঙে পড়ে রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে ঠিকাদার রহিম গ্রুপ ও খালিদ গ্রুপের লোকজনের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও মারামারি হয়। আবদুর রহিম ঢাকা মহানগর ছাত্রলীগের সাবেক সহসভাপতি। আর খালিদ ভুঁইয়া মহানগর (দক্ষিণ) যুবলীগের সাংগঠনিক সম্পাদক।
আবদুর রহিমের সঙ্গে দরপত্র জমা দিতে আসা নাম প্রকাশে অনিচ্ছুক একজন ছাত্রলীগ কর্মী বলেন, রহিম তাঁর নিজের ঠিকাদারি প্রতিষ্ঠান ‘শিকদার কন্সট্রাকশন্স’-এর নামে দরপত্র ফেলে নিচে নামতেই খালিদের লোকজন হামলা চালায়। উজ্জ্বল-তুহিন-সুমনের নেতৃত্বে হামলাকারীরা তাঁদের মারধর করলে তাঁরাও পাল্টা প্রতিরোধ করেন। এ নিয়ে পাল্টাপাল্টি ধাওয়া হয়। এর মধ্যেই গুলির শব্দ শোনা যায়।
তবে এ বিষয়ে খালিদ ভুঁইয়াকে ফোন করে তাঁকে পাওয়া যায়নি।
এর আগে গত ১ ফেব্রুয়ারি বিদ্যুৎ ভবনের পাঁচতলা থেকে সচিবালয়ের সীমানার ভেতরে ককটেল ছুড়ে বিস্ফোরণ ঘটানো হয়। একটি ককটেল বিদ্যুৎ ভবনের পাঁচতলাতেই বিস্ফোরিত হয়। এরপর বিদ্যুৎ ভবনের নিরাপত্তা বাড়ানো হয়। এর মাঝেই গতকাল মারামারি ও গুলির ঘটনা ঘটে।