এত নিরাপত্তার মধ্যেও নির্বিঘ্নে পালাল খুনিরা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের আট কিলোমিটার সড়কে ছিল পুলিশের দুটি চেকপোস্ট। কর্মরত ছিল পুলিশের টহল টিম। সড়কের সাইনবোর্ড ও স্টেডিয়াম এলাকায় রয়েছে ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা।
এমন নিরাপত্তায় মোড়া লিংকরোডে গতকাল সোমবার রাত পৌনে ১০টার দিকে চলন্ত বাসের সামনে হাতবোমা ফাটিয়ে গতিরোধ করে বাসটিতে উঠে ব্যবসায়ী নুরুল ইসলামকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। হত্যাকাণ্ড শেষে খুনিরা নির্বিঘ্নে পালিয়েও গেছে। ঘটনার পর প্রায় ২৪ ঘণ্টা হতে চললেও ওই ব্যবসায়ীকে কেন হত্যা করা হয়েছে, তা-ও নিশ্চিত হতে পারেনি পুলিশ।
লিংক রোডের মতো ব্যস্ত সড়কে বাসযাত্রীদের সামনে গুলি করে হত্যার পর হত্যাকারীরা নির্বিঘ্নে চলে যাওয়ায় নিহত ব্যক্তির পরিবারের সদস্য ও ব্যবসায়ী সহকর্মীরা ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁরা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।
আজ মঙ্গলবার দুপুরে নিহত নুরুল ইসলামের লাশ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে চাষাঢ়ার প্যানোরমা প্লাজার ব্যবসায়ীরা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দোকানপাট বন্ধ রাখেন।
ফতুল্লার দাপা ইদ্রাকপুর রেলস্টেশন এলাকায় নুরুল ইসলামের বাড়িতে গিয়ে দেখা যায়, বাড়িতে চলছে মাতম।
নিহত নুরুল ইসলামের বাবা হাজি হানিফা বলেন, তাঁদের সঙ্গে কারও শত্রুতা নেই। ব্যবসায়িক কারণে ছেলের সঙ্গে কারও সঙ্গে বিরোধ রয়েছে কি না, তা তাঁর জানা নেই।
নুরুল ইসলামের স্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন, গতকাল সকাল নয়টার দিকে নুরুল বাসা থেকে ঢাকার ব্যবসা প্রতিষ্ঠানের উদ্দেশে বের হন। সর্বশেষ, বিকেল পাঁচটার দিকে তিনি মোবাইলে ফোন করে ছেলে-মেয়ে দুপুরে খেয়েছে কি না, জানতে চান। এরপর আর কথা হয়নি। রাতে ১০টার দিকে তিনি স্বামীর মৃত্যুর খবর পান।
গতকাল রাতে সাড়ে নয়টার দিকে ঢাকার গুলিস্তান থেকে ‘উৎসব পরিবহনে’র একটি বাসে করে নারায়ণগঞ্জে ফেরার পথে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের মাহমুদপুর এলাকায় হত্যাকারীরা হাতবোমা ফাটিয়ে বাসটিকে থামায়। এরপর কয়েকজন দুর্বৃত্ত বাসে উঠে যাত্রী নুরুল ইসলামের বুকে অস্ত্র ঠেকিয়ে গুলি করে তাঁর সঙ্গে থাকা একটি ব্যাগ নিয়ে চলে যায়। পরে ওই বাসটিতে করেই গুরুতর অবস্থায় নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নুরুল ইসলামকে মৃত ঘোষণা করেন।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ হত্যাকাণ্ডের বিষয়ে জোর তদন্ত চলছে। এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. মোখলেছুর রহমান বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে। ধারণা করা হচ্ছে, পরিকল্পিতভাবে নুরুলকে গুলি করে হত্যা করা হয়েছে। বিষয়টি ছিনতাই নয়। এ হত্যাকাণ্ডের সঙ্গে আর্থিক বিষয় জড়িত থাকতে পারে।