এতিমখানার অর্থ আত্মসাতের অভিযোগ
নীলফামারীর সৈয়দপুর উপজেলায় একটি এতিমখানার পরিচালকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে।
এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, শহরের কাজিপাড়া এলাকায় ২০০০ সালে কুদ্দুসিয়া হামিদিয়া হাফিজিয়া এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং নামে একটি এতিমখানা প্রতিষ্ঠিত হয়। এতিমখানার জমির পরিমাণ ১৪ শতাংশ। প্রতিষ্ঠার সময় থেকে এটির পরিচালকের দায়িত্ব পালন করেন মাওলানা আবদুল হামিদ। প্রথমে মাদ্রাসা হিসেবে চালু হলেও ২০০৩ সালে এটি এতিমখানা হিসেবে সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে সরকারি তালিকাভুক্ত হয়। প্রথম বছর থেকে মাসিক ৩০০ টাকা হারে কয়েকজন এতিম ছাত্রকে ভাতা দেওয়া শুরু হয়। এটি পর্যায়ক্রমে মাসিক ১ হাজার টাকায় উন্নীত হয়। ১৪ জন এতিমের ভাতা বাবদ প্রতিবছর সমাজসেবা অধিদপ্তর থেকে টাকা দেওয়া হয়।
সরেজমিন মাদ্রাসা ঘুরে দেখা যায়, সেখানে চারজন ছাত্র ও একজন শিক্ষক রয়েছেন। এই চার ছাত্রের মধ্যে একজনও এতিম নয়। ওই শিক্ষকের সঙ্গে কথা বলে জানা যায়, তিনি দুদিন আগে এতিমখানায় যোগদান করেছেন। তাঁর মতে, এখন ১০ জন ছাত্র থাকলেও একজনও এতিম ছাত্র নেই।
সাংবাদিকদের দেখে ছুটে আসেন পরিচালক আবদুল হামিদ। তাঁর কাছে জানতে চাওয়া হয় কতজন এতিম আছে এখানে? কিন্তু তিনি এর কোনো সদুত্তর দিতে পারেননি।