এতিমদের বরাদ্দের টাকা ভুয়া নামে আত্মসাৎ
পটুয়াখালীর দুমকি উপজেলার একটি প্রতিষ্ঠানের মাধ্যমে এতিমদের নামে বরাদ্দকৃত সরকারি টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। দুমকি হাসেমিয়া ইসলামিয়া শিশুসদন (এতিমখানা) এতিমদের ভুয়া তালিকা তৈরি করে পাঁচ বছর ধরে সরকারি বরাদ্দের তিন লক্ষাধিক টাকা উত্তোলন করেছে।
উপজেলা সমাজসেবা কার্যালয় থেকে পাওয়া তথ্য অনুযায়ী, দুমকি হাসেমিয়া ইসলামিয়া শিশুসদন (এতিমখানা) ২০০৮ সালে সরকারিভাবে নিবন্ধিত হয়। প্রতিষ্ঠানটি ২০০৮-০৯ অর্থবছর থেকে ২০১৩-১৪ অর্থবছর পর্যন্ত ৩ লাখ ১২ হাজার টাকা উত্তোলন করেছে। এলাকাবাসীর পক্ষ থেকে মো. শহিদুল ইসলাম নামের এক বাসিন্দা গত ২৯ জানুয়ারি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে বলা হয়, উপজেলা সদরে অবস্থিত ওই শিশুসদনে (এতিমখানা) বাস্তবে কোনো এতিম নেই। কিন্তু প্রতিষ্ঠানের পরিচালক মো. শফিকুল ইসলাম এতিমদের ভুয়া নাম-তালিকা দেখিয়ে তাদের ভরণপোষণ বাবদ প্রতিবছরে টাকা উত্তোলন করে আত্মসাৎ করছেন। প্রতিষ্ঠানটিতে কোনো আসবাবও নেই।
অভিযোগে আরও বলা হয়, বিভাগীয় পরিদর্শন কিংবা প্রশাসনের তদারকিকালে বিভিন্ন এলাকা থেকে কয়েকজন শিশুকে উপস্থিত করে তাদের ছবি তুলে রাখা হয়। ওই ছবি ও ভুয়া নামের তালিকা দেখিয়ে প্রতিষ্ঠানটি প্রতিবার পার পেয়ে যায়। দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ বলেন, এ বিষয়ে অভিযোগ এসেছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে এতিমখানাটি পরিদর্শন করা হয়েছে।
গত সোমবার সকালে সরেজমিন দেখা যায়, নির্মাণাধীন একটি ভবনের সামনে দুমকি হাসেমিয়া ইসলামিয়া শিশুসদন (এতিমখানা) প্রতিষ্ঠানটির সাইনবোর্ড টাঙানো রয়েছে। কিন্তু সেখানে কোনো এতিম শিশু ও কর্মকর্তার দেখা মেলেনি। এতিমখানার পাশে দুমকি ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. সাঈদুর রহমানের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ওই এতিম শিশুরা কোথায়, এ বিষয়ে তাঁরা নিশ্চিত করে কিছু জানেন না।
অভিযোগের বিষয়ে প্রতিষ্ঠানের পরিচালক মো. শফিকুল ইসলাম বলেন, ১৯৮৩ সালে এই শিশুসদনটি প্রতিষ্ঠিত হয়। এরপর পাঁচ থেকে ছয় বছর প্রতিষ্ঠানটি বন্ধ ছিল। ২০০৮-০৯ অর্থবছরে তিনটি এতিম শিশু নিয়ে আবার শুরু হয়। তখন থেকে বরাদ্দের সরকারি অর্থ পেয়ে আসছিল প্রতিষ্ঠানটি। ২০১২-১৩ অর্থবছর থেকে ১০ জন এতিমের নামে বরাদ্দ পাচ্ছে এই এতিমখানাটি। তবে এতিমখানাটি দুই অর্থবছর ধরে ১০ জনের বরাদ্দের টাকা উত্তোলন করলেও বর্তমানে পাঁচ-ছয়জন শিশু রয়েছে বলে জানান তিনি। যেখানে সাইনবোর্ড লাগানো আছে, সেখানে কেন কেউ নেই—জানতে চাইলে তিনি বলেন, নির্মাণাধীন ভবনে এতিম শিশুদের বসবাসের ব্যবস্থা না থাকায় পাশে একটি জায়গায় তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে।
দুমকি উপজেলা সমাজসেবা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) এস এম শাহজাদা বলেন, গত ২৯ জানুয়ারি ওই এতিমখানাটি পরিদর্শন করার পর সন্তোষজনক মনে না হওয়ায় সরকারি বরাদ্দ স্থগিত করা হয়েছে। পাশাপাশি বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।