এতিমের টাকা আত্মসাতের অভিযোগ
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা ধানীসাফা নেছারিয়া এতিমখানার ব্যবস্থাপনা কমিটির বিরুদ্ধে ভুয়া এতিমের নামে টাকা তুলে আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। সমাজসেবা অধিদপ্তরের পিরোজপুর কার্যালয়ের উপপরিচালক সরেজমিনে তদন্ত করে অভিযোগের সত্যতা পেয়েছেন।
এলাকাবাসীর লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯৮৩ সালে এতিমখানাটি প্রতিষ্ঠা করা হয়। সমাজসেবা অধিদপ্তর থেকে ২৫ জন এতিমের জন্য প্রতি মাসে মোট ২৫ হাজার টাকা করে বরাদ্দ দেওয়া হয়। ২০০৭ সালে স্থানীয় সালেহ আহমেদ এতিমখানার ব্যবস্থাপনা কমিটির সভাপতির দায়িত্ব নেন। সম্প্রতি সালেহ আহমেদের বিরুদ্ধে ভুয়া এতিম দেখিয়ে সরকারি বরাদ্দ পাওয়া টাকা আত্মসাতের অভিযোগে স্থানীয় লোকজন সমাজসেবা অধিদপ্তরের পিরোজপুর কার্যালয়ের উপপরিচালকের কাছে লিখিত অভিযোগ দেন। ১৩ নভেম্বর উপপরিচালক বেলায়েত হোসেন এতিমখানাটি পরিদর্শন করেন।
১৬ নভেম্বর দুপুরে এতিমখানায় গিয়ে দেখা যায়, ধানীসাফা সালেহিয়া সিনিয়র মাদ্রাসাসংলগ্ন টিনশেড একটি ভবনে ধানীসাফা নেছারিয়া এতিমখানা। এতিমখানায় পাঁচজন ছাত্র রয়েছে। এর মধ্যে মো. নোমান নামের একজন এতিম। বাকিদের মা-বাবা আছে। এ সময় এতিমখানার বাবুর্চি ফুল মিয়া বলেন, তিনি দুপুরে ১২ জনের রান্না করেছেন। হাফিজুর রহমান নামের এক ছাত্র বলে, তার মা-বাবা আছে। তবে এখানে সে দুস্থ ছাত্র হিসেবে বিনা টাকায় তার থাকা খাওয়ার ব্যবস্থা হয়েছে।
এতিমখানা ব্যবস্থাপনা কমিটির সাবেক সভাপতি নূরুল হুদা ও স্থানীয় নাসির হাওলাদার অভিযোগ করেন, ২৫ জন এতিমের নামে টাকা তোলা হলেও বাস্তবে এতিমখানায় ১০ থেকে ১২ জন ছাত্র আছে। এর মধ্যে অনেকের মা-বাবা আছেন। তাদের এতিম হিসেবে দেখানো হচ্ছে। ধানীসাফা সালেহিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ রফিকুল ইসলাম বলেন, ‘মাদ্রাসার ২৫ বিঘা জমি আছে। ওই জমি বন্দোবস্ত দিয়ে পাওয়া টাকায় মাদ্রাসার দরিদ্র ছাত্রদের বিনা টাকায় থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হয়। মাদ্রাসার কয়েকজন ছাত্র এতিমখানায় রেখে এতিমদের সঙ্গে একসঙ্গে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এতিমদের টাকা সরকার দেয়। আর আমাদের দরিদ্র ছাত্রদের খাওয়ার টাকা মাদ্রাসা কর্তৃপক্ষ দেয়।’
এতিমখানা ব্যবস্থাপনা কমিটির সভাপতি সালেহ আহমেদ বলেন, ‘এতিমদের নামে বরাদ্দ পাওয়া টাকার একটা অংশ দিয়ে ধানীসাফা সালেহিয়া সিনিয়র মাদ্রাসার দরিদ্র কিছু ছাত্রের খাওয়ার ব্যবস্থা করা হয়। ২৫ জন এতিমের নামে টাকা বরাদ্দ পেলেও বর্তমানে এতিম তেমন একটা খুঁজে পাওয়া যায় না। তাই এতিমের টাকায় দরিদ্র ছাত্রদের খাওয়ার ব্যবস্থা করেছি।’ সমাজসেবা অধিদপ্তর পিরোজপুর কার্যালয়ের উপপরিচালক বেলায়েত হোসেন বলেন, এলাকাবাসীর অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এতিমখানায় তেমন একটা এতিম নেই। এতিমখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।