এতিমের টাকা আত্মসাতের অভিযোগে মামলা
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ধানীসাফা নেছারিয়া এতিমখানায় ভুয়া এতিমের নামে টাকা তুলে আত্মসাতের অভিযোগে ব্যবস্থাপনা কমিটির সভাপতিসহ চারজনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। গতকাল বুধবার দুপুরে এতিমখানার ব্যবস্থাপনা কমিটির সাবেক সদস্য নাসির হাওলাদার বাদী হয়ে পিরোজপুরের বিশেষ ট্রাইব্যুনালে মামলাটি করেন। বিচারক গোলাম কিবরিয়া মামলাটি আমলে নিয়ে দুদককে তদন্তের আদেশ দেন।
মামলায় আসামিরা হলেন এতিমখানার ব্যবস্থাপনা কমিটির সভাপতি সালেহ আহমেদ, সাধারণ সম্পাদক মোস্তফা হাওলাদার, সমাজসেবা অধিদপ্তরের পিরোজপুর কার্যালয়ের উপপরিচালক বেলায়েত হোসেন ও মঠবাড়িয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম।
মামলার আরজি সূত্রে জানা গেছে, সালেহ আহমেদ ও মোস্তফা হাওলাদার পাঁচ বছর ধরে ভুয়া এতিমের নামে টাকা তুলে আত্মসাৎ করে আসছেন। এতিমখানায় একজন মাত্র এতিম থাকলেও খাতা-কলমে ২৫ জন দেখানো হয়েছে। ব্যবস্থাপনা কমিটি এতিমদের জন্য বরাদ্দ ৪৫ লাখ টাকা ও এতিমখানার সম্পদ আত্মসাৎ করেছে। স্থানীয় লোকজন সমাজসেবা অধিদপ্তরের পিরোজপুর কার্যালয়ের উপপরিচালকের কাছে লিখিত অভিযোগ করেন।
গত ২৪ নভেম্বর প্রথম আলোয় ‘এতিমের টাকা আত্মসাতের অভিযোগ’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়।