এনএসআই সদস্য পরিচয়ে চাঁদাবাজির সময় গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জে এনএসআইয়ের সদস্য ও মানবাধিকারকর্মী পরিচয় দিয়ে চাঁদাবাজির অভিযোগে গত মঙ্গলবার দুই যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব।
গ্রেপ্তারকৃতরা হলেন শহরের মিস্ত্রিপাড়ার ইমতিয়াজ আহমেদের ছেলে ইসতিয়াক আহমেদ (২৩) ও নতুন ইসলামপুর মহল্লার বর জাহানের ছেলে রাসেল জাহান (২৯)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জের কোম্পানি কমান্ডার কামরুজ্জামান জানান, মঙ্গলবার দুপুরে ইসতিয়াক নিজেকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সদস্য ও রাসেল মানবাধিকারকর্মী পরিচয় দিয়ে সদর উপজেলার ঘোড়াস্ট্যান্ড এলাকায় চাঁদাবাজি করছিলেন। এ সময় সাদাপোশাকে এক র্যা ব সদস্য তাঁদের কাছে গিয়ে খোঁজখবর নেন। তাঁরা ওই র‌্যাব সদস্যকে ভুয়া উল্লেখ করে তাঁর কাছেও ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। এ সময় আরও কয়েকজন র‌্যাব সদস্য সেখানে হাজির হলে অবস্থা বেগতিক দেখে ইসতিয়াক ও রাসেল পালিয়ে যান। রাত সাড়ে ১২টার দিকে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে র‌্যাব।
সদর থানার ওসি জসিম উদ্দীন জানান, এ ঘটনায় গতকাল বুধবার র‌্যাবের পক্ষ থেকে মামলা করা হয়।