এনজিও কর্মকর্তার বাড়িতে ডাকাতি
সাতক্ষীরায় গতকাল বৃহস্পতিবার রাতে এক বেসরকারি সংস্থার (এনজিও) কর্মকর্তার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল ওই কর্মকর্তার মা ও মেয়েকে মারধর করে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার ও মুঠোফোনসহ বেশকিছু মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।
মোস্তফা হাসানুজ্জামান নামের ওই কর্মকর্তা সাতক্ষীরায় সুশীলন নামের একটি বেসরকারি সংস্থার সহকারী পরিচালক। চিকিৎসার জন্য বর্তমানে স্ত্রীসহ তিনি ভারতের চেন্নাইয়ে অবস্থান করছেন। সাতক্ষীরা শহরের মধ্যম কাটিয়া এলাকায় তাঁর বাড়ি।
মোস্তফা হাসানুজ্জামানের মেয়ে শান্তা ইসলাম বলেন, বাড়িতে তিনি ও তাঁর দাদি ছিলেন। রাত তিনটার দিকে একদল সশস্ত্র ডাকাত বাড়ির কলাপসিবল ফটকের তালা ভেঙ্গে ভেতরে ঢোকে। এরপর তাঁদের মারধর করে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। পরে তাদের একটি কক্ষে আটকে রেখে আলমারি ভেঙে নগদ ২০ হাজার টাকা, প্রায় ১৩ ভরি স্বর্ণালংকার ও একটি মুঠোফোনসহ বাড়ির দলিলপত্র নিয়ে যায়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।