এনজিও কর্মকর্তার বাড়িতে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা শহরে গত বৃহস্পতিবার রাতে মো. হাসানুজ্জামান (৫৭) নামের এক বেসরকারি সংস্থার (এনজিও) কর্মকর্তার বাড়িতে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতেরা ওই কর্মকর্তার মা ও মেয়েকে মারধর করে নগদ ২০ হাজার টাকাসহ সাড়ে পাঁচ লাখ টাকা দামের স্বর্ণালংকার নিয়ে যায়।
মো. হাসানুজ্জামান এনজিও সুশীলনের সহকারী পরিচালক। ওই এনজিওর বরগুনা শাখায় তিনি কর্মরত আছেন।
হাসানুজ্জামানের মেয়ে শান্তা ইসলাম (২০) বলেন, তাঁদের বাড়ি সাতক্ষীরা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ-সংলগ্ন এলাকায়। তাঁর বাবা হাসানুজ্জামান ক্যানসারের চিকিৎসার জন্য মাকে নিয়ে বর্তমানে চেন্নাই অবস্থান করছেন। বৃহস্পতিবার রাতে বাড়িতে তাঁর দাদি ও তিনি ছিলেন। ওই দিন দিবাগত রাত তিনটার দিকে একদল সশস্ত্র ডাকাত বাড়িতে ঢুকে তাঁদের মারধর করে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে।
পরে তারা তাঁদের ঘরে আটকে রেখে আলমারি ভেঙে নগদ ২০ হাজার টাকা, সাড়ে পাঁচ লাখ টাকা দামের স্বর্ণালংকার, মুঠোফোনসহ বাড়ির মূল্যবান জিনিসপত্র ও দলিল নিয়ে যায়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ গতকাল রাত পৌনে আটটার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এখনো কেউ কোনো মামলা করেননি। মামলা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।