এনজিও কর্মীর গলা কেটে ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গায় দুর্বৃত্তরা স্বপন কুমার সরকার (৩৫) নামের এক এনজিও কর্মকর্তার গলা কেটে মোটরসাইকেল, নগদ টাকা ও মুঠোফোন ছিনতাই করেছে। গতকাল রোববার দিবাগত রাতে সদর উপজেলার মাখালডাঙ্গা গ্রামের শালমারী কালভার্টের পাশে এ ঘটনা ঘটে।

আহত স্বপনকে মুমূর্ষু অবস্থায় প্রথমে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। আজ সোমবার সকালে তাঁর অস্ত্রোপচার করা হয়।

স্বপন কুমার গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার দেউডুবা গ্রামের ধীরেন্দ্রনাথ সরকারের ছেলে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেসের (বিজ) চুয়াডাঙ্গা ইউনিটের শাখা ব্যবস্থাপক ছিলেন।

বিজ চুয়াডাঙ্গার এলাকা ব্যবস্থাপক প্রদীপ কুমার জানান, গতকাল রাত আটটার দিকে স্বপন জরুরি প্রয়োজনে সদর উপজেলার দিননাথপুর গ্রামে যাচ্ছিলেন। পথে শালমারী কালভার্টের কাছে পৌঁছালে পাঁচজন ছিনতাইকারী তাঁর পথ আটকে অস্ত্রের মুখে মোটরসাইকেল, নগদ ৭০০ টাকা ও মোবাইল ফোন ছিনতাই করে। যাওয়ার সময় ছিনতাইকারীরা স্বপনের গলার শ্বাসনালি কেটে তাঁকে ফেলে রাখে। গাইদঘাট গ্রামের সাহেব আলী নামের একজন ট্রাক্টরচালক মুমূর্ষু অবস্থায় তাঁকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রাজীবুল ইসলাম স্বপন কুমারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজাম্মেল হোসেন জানান, ছিনতাইয়ের উদ্দেশ্যই ওই হামলা চালানো হয়। এ ঘটনায় এখনো মামলা হয়নি।