এনজিও কার্যালয়ে হামলার ঘটনায় গ্রেপ্তার ২
লালমনিরহাটের হাতীবান্ধায় বেসরকারি সংস্থা (এনজিও) প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কার্যালয়ে সন্ত্রাসী হামলার ঘটনায় গত শুক্রবার হাতীবান্ধা থানায় পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২০ থেকে ২৫ জনের বিরুদ্ধে মামলা করেছেন সংস্থাটির হাতীবান্ধা কার্যালয়ের কর্মকর্তা আতিকুর রহমান।
পুলিশ সন্দেহভাজন দুই আসামিকে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন উপজেলার গড্ডিমারী গ্রামের খলিলুর রহমান (৩৫) ও পূর্ব ফকিরপাড়া গ্রামের গোলাম মোস্তফা (৩৮)।
মামলায় ঠিকাদার নুরুজ্জামান হোসেন (৪২), ছাত্রলীগের কর্মী স্বাধীন মিয়া ওরফে আঁখি (২৫), চয়ন (২০), জয়নাল আবেদীন (২৮) ও কবির হোসেনের (২৭) নাম উল্লেখ করা হয়েছে।
গত বুধবার দুপুরে হাতীবান্ধায় প্ল্যান ইন্টারন্যাশনাল কার্যালয়ে ১৫-২০ জন সন্ত্রাসী হামলা চালায়। সন্ত্রাসীরা সংস্থার কর্মকর্তা মাহফুজার রহমান, হাসান আলী, দীপঙ্কর চাকমা ও প্রহরী তরণী কান্ত রায়কে আহত করেন। আহত ব্যক্তিদের মধ্যে মাহফুজার রহমান ও দীপঙ্কর চাকমাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।
অভিযোগ রয়েছে, আওয়ামী লীগদলীয় স্থানীয় সাংসদ মোতাহার হোসেনের ছেলে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান ওরফে সোহাগের ইন্ধনে এ হামলার ঘটনা ঘটেছে। তবে মাহমুদুল হাসান অভিযোগ অস্বীকার করেছেন।
২৬ মার্চ বৃহস্পতিবার প্রথম আলোয় ‘আ.লীগ নেতার কথা না শোনায় সন্ত্রাসী হামলা’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।