এনজিওকর্মীকে কুপিয়ে টাকা ছিনতাই
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বেসরকারি সংস্থা ব্র্যাকের এক মহিলা মাঠকর্মীকে কুপিয়ে দুই লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে চার দুর্বৃত্ত। গত বুধবার উপজেলার গোপালনগর গ্রামের সিদ্দিক মেম্বারের বাড়ির পাশে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় গ্রেপ্তার হয়েছেন আবু ইউসুফ (২৩) নামের এক ব্যক্তি। আহত মাঠকর্মী হালিমা বেগমের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার নয়নপুর গ্রামে। তিনি ওই গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ব্র্যাকের ক্ষুদ্রঋণ কর্মসূচির মাঠকর্মী হালিমা বেগম গোপালনগর গ্রাম থেকে ঋণ আদায়ের টাকা নিয়ে ব্রাহ্মণপাড়া উপজেলায় ফিরছিলেন। এ সময় গোপালনগর গ্রামের আবু ইউসুফ আরও তিন সহযোগী নিয়ে তাঁর ওপর চাপাতি দিয়ে হামলা চালায়। একপর্যায়ে তারা তাঁর টাকা, ব্যাগ, মুঠোফোন ও নথিপত্র ছিনিয়ে নিয়ে চলে যায়। সন্ধ্যা সাতটায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চাপাতি ও ব্যাগের একাংশ উদ্ধার করে। এরপর গোপালনগর গ্রামে অভিযান চালিয়ে আবু ইউসুফকে তাঁর বাড়ির একটি ঘর থেকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদের পর বুধবার রাত দুইটার দিকে বাড়ির পাশের পুকুরপাড় থেকে ওই নারীর ব্যাগ উদ্ধার করা হয়। এর ভেতর ১৫ হাজার টাকা, ব্র্যাক কর্মীর পরিচয়পত্র ও প্রয়োজনীয় কাগজপত্র পাওয়া যায়।