এনজিওর ঋণে জুয়া, সুদ ও মাদকের ব্যবসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যবসা করার জন্য বেসরকারি সংস্থা (এনজিও) থেকে ঋণ নিয়ে রাজশাহী নগরের বস্তিগুলোতে সুদের কারবার করা হচ্ছে। একইভাবে জুয়ার আসর ও মাদক ব্যবসায় ব্যবহার হচ্ছে ওই টাকা। আর ঋণের বেড়াজালে পড়ে অনেকেই এলাকা থেকে পালিয়েছেন।
অনুসন্ধানে জানা গেছে, প্রথমে মহাজনদের কাছ থেকে বস্তির অনেকে নিজেদের কোনো অলঙ্কার বা অন্য কোনো দামি জিনিস বন্ধক রেখে চড়া সুদে ঋণ নেন। ৩০ দিনের মধ্যে কোনো কিস্তি দিতে না পারলে এই টাকা সুদাসলে দ্বিগুণ হয়ে যায়। ঋণগ্রস্ত ব্যক্তি এই টাকা আর শোধ করতে পারেন না। তখন মহাজন একটি এনজিও থেকে সুদাসলের পরিমাণ টাকার ঋণ নেন। এই ঋণের কিস্তি শোধ করার দায়িত্ব তখন ওই ঋণ গ্রহীতার ওপর চাপিয়ে দেওয়া হয়। ওই ব্যক্তি একটি ঋণ শোধ করার জন্য তখন আরেকটি এনজিও থেকে ঋণ নেন। এই ঋণের কিস্তি দেওয়ার জন্য তিনি আরেকটি এনজিও থেকে ঋণ নিচ্ছেন।
নগরের বাজে কাজলা এলাকার একজন গৃহিণীর কাছেই এ রকম আটটি এনজিওর বই পাওয়া গেছে। একজন মহাজনের ১৯ হাজার টাকার ঋণ সুদাসলে দ্বিগুণ হলে তিনি সেই ঋণ শোধ করার জন্য গত বছর ১৮ এপ্রিল অন্য একজন গৃহবধূর নামে মুদি ব্যবসার কথা বলে ১৫ হাজার টাকা ঋণ নেন। কিস্তি দেওয়ার সুবিধার জন্য তিনি এরপর খড়ির ব্যবসার কথা বলে ২৪ এপ্রিল বেসরকারি সংস্থা টিএমএসএস থেকে ১৯ হাজার টাকা ঋণ নেন। সম্প্রতি তাঁর বাড়িতে গিয়ে দেখা যায়, তিনি শুধুই গৃহিণী। তাঁর কোনো ব্যবসা নেই।
এখানেই থেমে নেই গৃহবধূ। এরপর ঋণের কিস্তি দেওয়ার জন্য কাঠের ব্যবসার কথা বলে তিনি আরেকজন গৃহবধূর নামে গত ২২ সেপ্টেম্বর শক্তি ফাউন্ডেশন নামের একটি সংস্থা থেকে ১৫ হাজার টাকা ঋণ তুলেছেন। খড়ির ব্যবসার কথা বলে আরেক গৃহবধূর নামে গত ১ ডিসেম্বর এমএসএস নামের একটি সংস্থা থেকে ১৫ হাজার টাকা ঋণ নিয়েছেন। গরু কেনার কারণ দেখিয়ে গত ৩১ ডিসেম্বর আরেকজন গৃহবধূর নামে শক্তি ফাউন্ডেশন থেকে ১০ হাজার টাকা ঋণ নিয়েছেন। গরু কেনেননি।
চলতি বছরের ৯ ফেব্রুয়ারি তিনি টিএমএসএস থেকে আরও ২১ হাজার টাকা ঋণ নেন গৃহবধূ। এই ঋণের কিস্তি দেওয়ার জন্য তিনি আরেকজন গৃহবধূর নাম দিয়ে গত ১৬ মার্চ এমএসএস থেকে ২০ হাজার টাকা ঋণ নেন। এখানে ঋণের উদ্দেশ্য হিসেবে মুদি ব্যবসা দেখানো হয়েছে। গত ১০ এপ্রিল টিএমএসএস থেকে নিয়েছেন ১২ হাজার টাকা। ১৬ মে অপর একজন গৃহবধূর নাম দিয়ে নিয়েছেন ২০ হাজার টাকা। এখানে ঋণ নেওয়ার উদ্দেশ্য বলা হয়নি। ঋণের খাত হিসাবে ‘১৬ নম্বর’ বলে উল্লেখ করা হয়েছে। গত ১৯ মে আরএফএল নামের একটি সংস্থা থেকে ১০ হাজার টাকা ঋণ তুলেছেন। সেখানে ওই গৃহবধূর ঋণ নেওয়ার উদ্দেশ্য দেখানো হয়েছে মুদি ব্যবসা। অবশেষে ঋণের কিস্তির ভারসাম্য রক্ষা করতে না পেরে গত ঈদের আগে তিনি বাড়ি থেকে পালিয়ে যান।
একইভাবে এলাকা থেকে পালিয়ে গেছেন আশরাফুল ও তাঁর স্ত্রী সুমী খাতুন। দুই বছর আগে পালিয়ে যান আঞ্জুআরা বেগম ও দুলারী বেগম।
নগরের হাদির মোড় এলাকার একজন ডিম ব্যবসায়ী আইপিএলের বাজি ধরে ব্যবসায়ের পুঁজি নষ্ট করে ফেলেন। পরে দিনমজুরি করছিলেন। এ সময় এলাকায় জুয়ার আসরের কমিশন আদায় করতে শুরু করেন। একসময় নিজেও জুয়ায় আসক্ত হয়ে পড়েন। একপর্যায়ে ঋণে জড়িয়ে পড়েন। পাওনাদারদের ভয়ে কিছুদিন আগে তিনি এলাকা ছেড়ে পালিয়ে যান। তাঁর স্ত্রীও বাবার বাসায় চলে যান।
স্থানীয়রা জানান, শুধু নগরের হাদির মোড়, বাজে কাজলা (নদীর ধার) ও কেদুর মোড় এলাকায় ছয়টি জুয়ার আসর বসে। দালালের মাধ্যমে পুলিশকে হাত করে এসব জুয়ার আসর চলে। এসব এলাকায় ভয়াবহ মাদকের বিস্তার। গত ১৮ জুলাই এই এলাকায় মাদকাসক্ত হয়ে খোকন নামের এক যুবক মারা গেছেন। এর কয়েক মাস আগে প্রতিবাদ করতে গেলে মাদক ব্যবসায়ীরা একজন যুবককে কুপিয়ে হত্যা করে। ৩ আগস্ট জুয়া খেলাকে কেন্দ্র করে দুই মহল্লাবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এনজিও থেকে ঋণ নিয়ে অনেকে মাদকের ব্যবসায় খাটাচ্ছেন বলে জানান বাসিন্দাদের কেউ কেউ।
নগরের বোয়ালিয়া জোনের সহকারী কমিশনার সাইফুর রহমান স্বীকার করেন ঋণের টাকা ওই এলাকার সব ধরনের অবৈধ কাজে লাগানো হয়। কয়েক দিন আগে তিনি ওই এলাকার জুয়ার আসর ভেঙে দিয়েছেন।
টিএমএসএসের আঞ্চলিক ব্যবস্থাপক এস এম বাবুল বলেন, তাঁর রাজশাহী জোনে ৪৭ হাজার সদস্য। শতকরা দু-চারজন সদস্য এ রকম করে থকতে পারেন। তাঁরা যে উদ্দেশ্যে ঋণ দেন তা বাস্তবায়ন হচ্ছে কি না মাঝেমধ্যে পরিদর্শন করে দেখেন।