এনজিওর নামে প্রতারণার অভিযোগে আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীতে স্বাবলম্বী হওয়ার প্রলোভন দেখিয়ে সঞ্চয়ের নাম করে মানুষের কাছ থেকে টাকা তুলে আত্মগোপনের চেষ্টার সময় বেলাল হোসেন (২৮) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে পটুয়াখালী শহরের লঞ্চঘাট এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
বেলাল নিজেকে বাংলাদেশ দারিদ্র্য দূরীকরণ সংস্থা নামের এটি বেসরকারি সংস্থার (এনজিও) কর্মী বলে দাবি করেন। তবে পুলিশ এই প্রতিষ্ঠানের কার্যালয় কিংবা কোনো কর্মকর্তার খোঁজ পায়নি।
পুলিশ ও প্রতারণার শিকার লোকজন জানান, এক সপ্তাহ ধরে বেলাল পটুয়াখালী সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের হাজীখালী গ্রামের লোকজনকে সহজ শর্তে ঋণের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার প্রলোভন দেখিয়ে আসছেন। এই প্রলোভনে পড়ে অনেকেই বেলালের কাছে ঋণ নেওয়ার জন্য পরামর্শ নিতে আসতে শুরু করেন।
গ্রামের মো. চান মিয়া ফকির নামের একজন জানান, ব্যাটারিচালিত একটি অটোরিকশা কেনার জন্য দেড় লাখ টাকা ঋণ দেওয়ার আশ্বাস দেন বেলাল। এর জন্য তাঁদের এনজিওতে ১০ হাজার টাকা সঞ্চয় হিসাবে জমা দেওয়ার কথা বলেন। বুধবার প্রথম কিস্তির সাত হাজার টাকা বেলাল নিয়ে নেন ও গতকাল সকালে মুঠোফোনে বাকি তিন হাজার টাকা পটুয়াখালী শহরে এসে দিয়ে যেতে বলেন। সকালে জেলা প্রশাসকের কার্যালয় এলাকায় এসে বাকি তিন হাজার টাক বেলালের হাতে দেওয়া হয়। এ সময় বেলাল দু-এক দিনের মধ্যে ঋণের টাকা দেওয়ার আশ্বাস দিয়ে চলে যান। ওই দিনই গ্রামের আরও কয়েকজনের কাছ থেকে বেলাল সঞ্চয়ের নাম করে টাকা নিয়েছেন এমন খবর পেয়ে তিনিসহ আট-দশজন বেলালকে খুঁজতে থাকেন। বেলালের মুঠোফোন বন্ধ থাকায় সন্দেহ আরও বেড়ে যায় ও পুলিশকে বিষয়টি জানানো হয়। একপর্যায়ে পুলিশ বেলা একটার দিকে শহরের লঞ্চঘাট এলাকা থেকে বেলালকে আটক করে। তবে বেলালের সহযোগীকে পুলিশ ধরতে পারেনি।
বেলাল নিজেকে বাংলাদেশ দারিদ্র্য দূরীকরণ সংস্থার কর্মী ও ঢাকায় ওই সংস্থার কার্যালয় রয়েছে বলে দাবি করেছেন। ঢাকার এক কর্মকর্তা তাঁর সঙ্গে ছিলেন বলে দাবি করলেও তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি।
পটুয়াখালী সদর থানার উপপরিদর্শক প্রভাষ চন্দ্র সাহা জানান, বেলালকে থানা হেফাজতে রাখা হয়েছে। চান মিয়া ছাড়াও আরও যাঁরা প্রতারণার শিকার হয়েছেন, তাঁদের কাছ থেকে তথ্য নেওয়া হচ্ছে।