এনজিওর বিরুদ্ধে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, আটক ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় সার্ভিস অ্যান্ড ভিশন ফর এডিফাই (সেভ) নামের একটি বেসরকারি সংস্থার (এনজিও) বিরুদ্ধে গ্রাহকদের কাছ থেকে ১২ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। গত বুধবার রাতে ক্ষুব্ধ গ্রাহকেরা ওই সংস্থার সমন্বয়কারীসহ চার কর্মীকে আটক করে পুলিশে দেন।

আটক চার কর্মী হলেন সংস্থার সমন্বয়কারী ময়মনসিংহের ভালুকা উপজেলার রফিকুল ইসলাম (৩৬), মাঠ সমন্বয়কারী নালিতাবাড়ী উপজেলার তালুকপাড়া গ্রামের সাথী বেগম (২৬), মাঠকর্মী কান্দাপাড়া গ্রামের রেহেনা বেগম (২৫) ও ফাতেমা বেগম (২৫)।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বাল্যবিবাহ রোধ করার নামে ১০ মাস আগে পৌর শহরের গড়কান্দা এলাকায় সংগঠনটি কাজ শুরু করে। ২০ হাজার করে টাকা নিয়ে ২০ জন মাঠকর্মী নিয়োগ দেওয়া হয়। গ্রাহকদের লেখাপড়ার খরচসহ বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে যোগানিয়া ও বাঘবেড় ইউনিয়নের ১ হাজার ৭০০ মেয়েকে গ্রাহক করে। তাঁদের প্রত্যেকের কাছ থেকে ৬০০ টাকা করে নেওয়া হয়। মাঠকর্মীদের কোনো বেতন না দেওয়ায় ও গ্রাহকদের লেখাপড়ার কোনো খোঁজখবর না নেওয়ায় গ্রাহকদের মধ্যে সন্দেহ দেখা দেয়। বুধবার সংস্থাটির সমন্বয়কারী ময়মনসিংহ থেকে নালিতাবাড়ী কার্যালয়ে এলে মাঠকর্মী, গ্রাহক ও এলাকাবাসী সংস্থার বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন। কোনো কাগজপত্র দেখাতে না পারায় রাতে ক্ষুব্ধ গ্রাহকেরা ওই চারজনকে ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরফদার সোহেল রহমানের কাছে নিয়ে আসেন। তিনি তাঁদের পুলিশের কাছে সোপর্দ করেন।

যোগানিয়া ইউনিয়নের বাইটকামারী গ্রামের এনামুল হক বলেন, ‘লেখাপড়ার খরচসহ বিয়ের সময় ২০ হাজার টাকা দেওয়ার প্রলোভন দেখাইয়া ৬০০ টাকা নিইয়া আমার মেয়েকে সদস্য করেছে। ১০ মাস পার হওয়ার পরও কারও কোনো দেহা নাই। আমার মতো সব গ্রাহকের টাকা ফিরাইয়া দেওয়া হোক।’

মাঠকর্মী রেহেনা বেগম বলেন, ‘২০ হাজার টাকা দিয়ে চার মাস আগে মাঠকর্মীর চাকরি নিয়েছি। এখন পর্যন্ত কোনো বেতন পাই নাই। অথচ আমি এ পর্যন্ত এলাকার ৭০ জন গ্রাহকের কাছ থেকে ৬০০ টাকা করে নিয়ে সমন্বয়কারী রফিকুল ইসলামকে দিয়েছি।’

রফিকুল ইসলাম ১ হাজার ৭০০ গ্রাহকের কাছ থেকে ৬০০ টাকা করে নেওয়ার কথা স্বীকার করে বলেন, ‘ময়মনসিংহের মাসকান্দায় আমাদের প্রধান কার্যালয়। কিন্তু এই উপজেলায় কাজের অনুমোদন পাওয়া যায়নি। তবে অনুমোদন চেয়ে জেলা প্রশাসকের কাছে আবেদন করা হয়েছে।’

ইউএনও তরফদার সোহেল রহমান বলেন, ‘এরা গোপনে এলাকায় কার্যক্রম চালিয়ে গেছে। প্রশাসনিকভাবে এদের কোনো অনুমোদন নেই। গ্রাহকেরা যেন টাকা ফেরত পায়, সে বিষয়টি নিশ্চিত করতে এবং আইনগত ব্যবস্থা নিতে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।’