এনজিওর সাত কর্মকর্তা অবৈধভাবে চাকরিচ্যুত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার একটি আঞ্চলিক বেসরকারি সংস্থার (এনজিও) সাতজন কর্মকর্তাকে অবৈধভাবে অব্যাহতি দেওয়ার অভিযোগে গত বৃহস্পতিবার বরগুনার সহকারী জেলা জজ (পাথরঘাটা) আদালতে মামলা করেছেন ভুক্তভোগী কর্মকর্তারা।
মামলা দায়েরের পর বিচারক ওই কর্মকর্তাদের ছাঁটাই করার বিষয়ে সংস্থার সভার কার্যবিবরণী ২৪ ঘণ্টার মধ্যে আদালতে তলব করলেও সংস্থাটির কর্মকর্তারা তা দেননি বলে অভিযোগ রয়েছে।
আদালত সংশ্লিষ্ট সূত্র জানায়, বৃহস্পতিবার বরগুনা জেলা সহকারী জজ (পাথরঘাটা) আদালতে সংকল্প ট্রাস্ট নামে ওই বেসরকারি সংস্থার ছাঁটাই হওয়া সাত কর্মকর্তার পক্ষে তাঁদের মধ্যে তিনজন বাদী হয়ে এই ছাঁটাইকে অবৈধ দাবি করেন এবং ছাঁটাইয়ের বিরুদ্ধে স্থগিতাদেশ চেয়ে একটি মামলা দায়ের করেন।
আদালতের বিচারক নাজমুল আহসান মামলাটি গ্রহণ করে আগামী তিন দিনের মধ্যে সংস্থাটির কর্মকর্তাদের কারণ দর্শানোর আদেশ দেন এবং ২৪ ঘণ্টার মধ্যে সংস্থাটির ট্রাস্টি বোর্ডের সভার কার্যবিবরণী আদালতে তলব করেন।
আদালতের বার্তাবাহক নেপাল চন্দ্র বলেন, আদালতের আদেশ নিয়ে বৃহস্পতিবার সংস্থাটির প্রধান কার্যালয়ে গিয়ে কার্যবিবরণী বই চাইলে কর্মকর্তারা তা দেননি।
মামলায় সংস্থার নির্বাহী পরিচালক মির্জা শহিদুল ইসলাম ওরফে খালেদ, তাঁর ভগ্নিপতি ও সংস্থার প্রতিষ্ঠাতা মল্লিক মোহাম্মদ আইউবসহ নয়জনকে বিবাদী করা হয়েছে।
মামলার আরজিতে অভিযোগ করা হয়, সংকল্প ট্রাস্টের চাকরিবিধি অনুযায়ী কোনো কর্মীকে বরখাস্ত বা ছাঁটাই করার আগে অন্তত এক মাস আগে নোটিশ দিতে হবে। কিন্তু এ ধরনের কোনো নোটিশ না দিয়ে গত ৩ আগস্ট পৃথক নোটিশে সাতজন কর্মকর্তাকে ছাঁটাই করার চিঠি দেওয়া হয়। চিঠিতে বলা হয়েছে ‘ঘূর্ণিঝড় সিডর ও আইলায় ঋণ কার্যক্রমে সংস্থাটি আর্থিক ক্ষতি কাটিয়ে উঠতে না পারায় সংস্থার ব্যয় কমানোর
জন্য আপনাদের ছাঁটাই করা হলো।’ অথচ সিডর ও আইলায় সংস্থাটির কয়েক কোটি টাকার ঋণ বকেয়া পড়ে, যা পরবর্তী সময়ে এই কর্মকর্তারা মাঠ পর্যায়ে গিয়ে আদায় করেন।
মামলায় অভিযোগ করা হয়, সংস্থার নির্বাহী পরিচালক এবং প্রতিষ্ঠাতাসহ অন্যদের দুর্নীতির প্রতিবাদ করায় অন্যায়ভাবে তাঁদের ছাঁটাই করা হয়েছে।
সংস্থার নির্বাহী পরিচালক মির্জা শহিদুল ইসলাম অবশ্য এসব অভিযোগ অস্বীকার করে গতকাল শুক্রবার বলেন, ‘আমি ঢাকায়, তবে মামলার কথা শুনেছি।’ ছাঁটাইয়ে অনিয়ম সম্পর্কে তিনি বলেন, ‘সংস্থার ব্যয় সাশ্রয়ের জন্যই সাত কর্মকর্তাকে ছাঁটাই করেছি।’ ছাঁটাইয়ের আগে নোটিশ দিয়েছেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের সংস্থার নিয়ম হলো এক মাসের বেতন দিয়ে যে কাউকে ছাঁটাই
করা যাবে, এতে নোটিশ দিতে হয় না।’ কিন্তু সংস্থার চাকরিবিধি ৫, ৯ ও ১০ নম্বর ধারায় তো এক মাসের আগাম নোটিশ দেওয়ার বিধান রয়েছে—এমন প্রশ্ন করলে তিনি চুপ থাকেন।