এনবিআর সদস্যকে গুলির কারণ নিয়ে রহস্য
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য জাহাঙ্গীর হোসেনকে গুলি করে আহত করার ঘটনার কারণ সম্পর্কে নিশ্চিত হতে পারেনি পুলিশ। পরিবারের পক্ষ থেকেও এ ব্যাপারে কোনো তথ্য মেলেনি। এদিকে এ ঘটনায় গতকাল মঙ্গলবার সকালে বনানী থানায় অজ্ঞাতনামা চারজনের বিরুদ্ধে মামলা করেছে পরিবার।
গত সোমবার সন্ধ্যায় বনানীর ২ নম্বরে কাস্টমস অফিসার্স কোয়ার্টার এলাকার বাসার সামনে হাঁটাহাঁটি করছিলেন জাহাঙ্গীর। ওই সময় একটি প্রাইভেট কারে চারজন যুবক সেখানে গিয়ে তাঁকে গুলি করে পালিয়ে যায়। গুলি তাঁর কোমরে লাগে। তাঁকে গুলশানের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
গতকাল বিকেলে মামলার তদন্তকারী কর্মকর্তা বনানী থানার পরিদর্শক (তদন্ত) শাহীনুর রহমান প্রথম আলোকে বলেন, ‘জাহাঙ্গীর হোসেন হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর সঙ্গে আমরা এখনো কথা বলতে পারিনি। ঘটনার কারণ সম্পর্কেও পরিবারের কাছ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি। তদন্ত চলছে।’
যোগাযোগ করা হলে জাহাঙ্গীরের ছেলে ও মামলার বাদী মশিউর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমরা আগে থেকে কোনো কিছু আঁচ করতে পারিনি। আমার বাবা যে বিভাগে কাজ করেন, তার সঙ্গে সাধারণ মানুষের সঙ্গে সম্পর্ক খুব কম। ফলে দাপ্তরিক কোনো কারণে সমস্যার সৃষ্টি হওয়ার সম্ভাবনা খুবই কম। তা ছাড়া আগে থেকে তিনি কোনো কিছু আমাদের বলেননি। ব্যক্তিগতভাবে তিনি খুব সতর্ক একজন মানুষ।’
মশিউর জানান, সোমবার রাতে হাসপাতালে ভর্তি করার পর প্রায় ছয় ঘণ্টা ধরে জাহাঙ্গীরের শরীরে অস্ত্রোপচার হয়। গতকাল সন্ধ্যা পর্যন্ত তিনি পুরোপুরি চেতনা ফিরে পাননি। তিনি বর্তমানে গুলশানের একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আছেন।
পুলিশ জানায়, কাস্টমস অফিসার্স কোয়ার্টারে প্রবেশের জন্য একটি ফটক ব্যবহৃত হয়। সেখানে একজন নিরাপত্তাকর্মী দায়িত্ব পালন করেন। গতকাল সন্ধ্যায় গাড়িতে করে চার যুবক ভেতরে ঢোকেন। পরে একটি গুলির শব্দ হয়। কিছুক্ষণ পর ওই যুবকেরা গাড়ি নিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করলে নিরাপত্তাকর্মী ফটক খুলতে রাজি হননি। ওই যুবকেরা আগ্নেয়াস্ত্র দেখালে ভয়ে নিরাপত্তাকর্মী দরজা খুলে দেন। পরে গুলিবিদ্ধ জাহাঙ্গীরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
পুলিশ জানায়, নিরাপত্তাকর্মীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ওই এলাকায় ফটকে নিরাপত্তাকর্মী থাকলেও কে বা কারা কোয়ার্টারের ভেতরে গেল আর কোয়ার্টার থেকে বের হলো, তার কোনো তথ্য রাখা হয় না।
কাস্টমস গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা বলছেন, তাঁদের ধারণা, জাহাঙ্গীর দুর্বৃত্তদের ভুল লক্ষ্যের শিকার হতে পারেন। কারণ, তিনি এনবিআরএ মুসক নীতি নিয়ে কাজ করেন। আর এ কাজের মাধ্যমে কেউ তাঁর ওপর ক্ষুব্ধ হবেন—তার সম্ভাবনা নেই। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা অন্য কাউকে মারতে গিয়ে তাঁকেই গুলি করে।
পুলিশ বলছে, দুর্বৃত্তরা পেছন দিক থেকে জাহাঙ্গীরকে গুলি করে। পুলিশ কর্মকর্তারা এ ঘটনায় জাহাঙ্গীরের ব্যক্তিগত ও দাপ্তরিক বিষয় খতিয়ে দেখছেন।