এনবিআরের অসাধু কর্মকর্তাদের সতর্ক করলেন দুদক চেয়ারম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অসাধু কর্মকর্তাদের তীব্র ভাষায় সতর্ক করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। তিনি বলেন, ‘ব্যক্তিগত ও পদ্ধতিগত কারণে এনবিআর-দুদক সম্পর্কে মানুষের ধারণা ইতিবাচক নয়। মানুষের এ বদ্ধমূল ধারণা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।’

আজ বুধবার এনবিআর আয়োজিত ‘জাতীয় শুদ্ধাচার ও নৈতিকতা’বিষয়ক এক কর্মশালায় ইকবাল মাহমুদ এ কথা বলেন। সেগুনবাগিচার এনবিআর সম্মেলনকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এনবিআরের কর্মকর্তাদের উদ্দেশে দুদক চেয়ারম্যান বলেন, ‘আপনাদের অনুরোধ করছি, নিজেরা সতর্ক হোন। সময় এসেছে আর কাউকে ছাড় না দেওয়ার। আপনারা দেখেছেন, গত এক বছরে বিভিন্ন অফিস থেকে লোকজন তুলে নেওয়া হচ্ছে। আমরা বোঝাতে চেয়েছি, দয়া করে বন্ধ করুন। পারস্পরিক লাভালাভের (উইন-উইন সিচুয়েশন) জন্য অনৈতিক সমঝোতা করে ঘুষ নেবেন, এ দেশের মানুষ আর তা গ্রহণ করবে না।’

দুদক চেয়ারম্যান আরও বলেন, ‘আপনাদের তো জেলখানায় যাওয়ার সুযোগ হয় না। আমরা এ নিয়ে কাজ করি। তাই আমরা দেখেছি, যাঁরা জেলখানায় যান, তাঁরা কেমন মানবেতর জীবন যাপন করেন। আমরা যেন ওখানে না যাই।’

সম্পত্তির হিসাব নেওয়া সম্পর্কে ইকবাল মাহমুদ সরাসরি বলেন, ‘সরি টু সে, আপনাদের (এনবিআর) কারণে সম্পত্তির হিসাব নিতে পারছি না। আপনারা কর সনদ দিয়ে দিচ্ছেন। কিন্তু আমাকে প্রশ্ন করতে হচ্ছে, এ আয়ের উৎস কী?’ তিনি মনে করেন, এনবিআর কর সনদ দিলে দুদক বলতে পারে না, এখানে সমস্যা আছে। এ প্রশ্ন করার নৈতিক অবস্থান থাকে না।

দুদক চেয়ারম্যানের মতে, কালোটাকা যায় জমি কেনায়। গুলশানে ১৬ কোটি টাকার জমি ২ কোটি টাকায় নিবন্ধন হচ্ছে। কর কর্মকর্তারা তা গ্রহণ করেন। এ বিষয়ে তিনি বলেন, ‘১০-কে ২০ করবেন না; ১২ করতে পারেন। অর্থনীতিতে কালোটাকা ঢুকে গেলে তা ক্ষতিকর।’

সভাপতির বক্তব্যে এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান বলেন, দুর্নীতিপরায়ণ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। বিশেষ করে যাঁরা করদাতাদের অযথা হয়রানি করেন, বারবার সতর্ক করার পরও সংশোধন হননি, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় ইতিমধ্যে অনেক কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে। এমনকি অভিযোগ প্রমাণিত হওয়ায় দৃষ্টান্তস্বরূপ কমিশনার থেকে নামিয়ে যুগ্ম কমিশনার করা হয়েছে।

অনুষ্ঠানে দুদক সচিব আবু মো. মোস্তফা কামালসহ এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন