এনবিআরের সাবেক চেয়ারম্যানের সমর্থকদের ওপর হামলা, আহত ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের কচুয়ায় এনবিআরের সাবেক চেয়ারম্যান গোলাম হোসেনের সমর্থকদের গাড়িবহরে হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত। এতে সাতজন আহত হয়েছেন। গত বৃহস্পতিবার বিকেলে সুবিদপুর এলাকায় এ ঘটনা ঘটে। গতকাল শুক্রবারও তাঁর এক সমর্থক হামলায় আহত হয়েছেন।

পৌর আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য মনজুর আহমেদ সুজন বলেন, গত বৃহস্পতিবার বিকেলে তিনিসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বেশ কিছু নেতা-কর্মী মো. গোলাম হোসেনের সঙ্গে হাশিমপুর মিয়ারবাজার তাঁর বাড়িতে এক মতবিনিময় সভায় যোগদানের উদ্দেশ্যে কচুয়া থেকে রওনা করেন। পথে সুবিদপুর এলাকায় ছাত্রলীগ নামধারী ২০ থেকে ২৫ জন কর্মী লাঠিসোঁটা নিয়ে তাঁদের গাড়িবহরে হামলা চালান। এ সময় গাড়িতে থাকা আওয়ামী লীগ নেতা সিদ্দিকুর রহমান, মুজিবুর রহমান, আবু তাহের; শ্রমিক লীগ কর্মী নূরুল ইসলাম; যুবলীগ নেতা হাবিবুর রহমান, আমান উল্লাহ ও ছাত্রলীগ নেতা ইব্রাহীম আহত হন। এ সময় তাঁরা তিনটি লেগুনা ও সাতটি অটোরিকশা ভাঙচুর করেন।

এ বিষয়ে এনবিআরের সাবেক চেয়ারম্যান বলেন, ‘কচুয়ায় এর আগেও আমার গাড়িবহরে হামলা করা হয়েছে। আজও আমার কর্মী-সমর্থকদের ওপর হামলা করা হয়।’ এ হামলায় তিনি স্থানীয় সাংসদ মহীউদ্দীন খান আলমগীরকে দায়ী করেন।

গতকাল শুক্রবার দুপুরেও কচুয়ার সাচার এলাকায় গোলাম হোসেনের সমর্থক মোখলেসুর রহমানকে (৫০) মারধর করে একদল দুর্বৃত্ত। পরে সাচার ফাঁড়ির পুলিশ তাঁকে উদ্ধার করে কচুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে বলে গোলাম হোসেন দাবি করেন। এ নিয়ে কচুয়ায় আওয়ামী লীগের লোকজনের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

এ ব্যাপারে জেলা যুবলীগের সদস্য কচুয়া উপজেলার ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন বলেন, ‘মহীউদ্দীন খান আলমগীর বা তাঁর কর্মী-সমর্থক এ ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে না। আর যদি কেউ করে থাকে, তাকেও আমরা এর সমর্থন করি না।’

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মাহবুবুর রহমান বলেন, ‘এনবিআরের সাবেক চেয়ারম্যানের বাড়িতে ওনার কর্মী-সমর্থকেরা দেখা করতে যাওয়ার সময় গাড়ি আটকিয়ে দু-চারজনকে মারধরের কথা আমি শুনেছি। খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ পাঠাই। তবে এসব ঘটনায় আজ শুক্রবার সন্ধ্যা পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি।’