এনামুল ও রূপনের ৮৯ কোটি টাকার অবৈধ সম্পদের প্রমাণ পেয়েছে দুদক
গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের বহিষ্কৃত সহসভাপতি এনামুল হক, তাঁর ভাই থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রূপন ভূঁইয়াসহ ৪ জনের বিরুদ্ধে প্রায় ৮৯ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর ভিত্তিতে চারজনের বিরুদ্ধে দায়ের করা দুটি মামলায় অভিযোগপত্র অনুমোদন করেছে দুদক।
আজ বৃহস্পতিবার দুদকের সভায় দুই মামলার অভিযোগপত্র অনুমোদন দেওয়া হয় বলে দুদক সচিব মু. আনোয়ার হোসেন হাওলাদার সাংবাদিকদের জানান।
দুদক সচিব বলেন, এক মামলার তদন্তে আসামি এনামুল হকের বিরুদ্ধে ক্যাসিনো কারবারসহ বিভিন্ন অবৈধ ব্যবসা ও অনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে ৪৭ কোটি ৩৬ লাখ ৯১ হাজার ৬৭৮ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া গেছে। এ ছাড়া আরও প্রায় চার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনে এনামুলের দুই সহযোগী হারুনুর রশীদ ও আবুল কালাম আজাদের সহযোগিতা করার প্রমাণ মিলেছে।
অন্যদিকে রূপন ভূঁইয়ার নামে স্থাবর ও অস্থাবর মিলিয়ে ৪২ কোটি ৯৩ লাখ ৯৬ হাজার ৮৭০ টাকার সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া গেছে। এর মধ্যে ৩৭ কোটি ৫৭ লাখ ১৬ হাজার ৯৮৭ টাকার সম্পদের কোনো বৈধ উৎস পাওয়া যায়নি। রূপন ভূঁইয়া ক্যাসিনো কারবার ও বিভিন্ন অবৈধ কার্যক্রমের মাধ্যমে অবৈধভাবে এ সম্পদ অর্জন করেছেন বলে তদন্তে বেরিয়ে এসেছে।
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এনামুল হক এবং তাঁর দুই সহযোগী হারুনুর রশীদ ও আবুল কালাম আজাদের বিরুদ্ধে ২০১৯ সালের ২৩ অক্টোবর দুটি মামলা করেন দুদকের সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরী। তাঁকে অবৈধ অর্থ অর্জনে সহায়তা করেন রাজধানীর ওয়ান্ডারার্স ক্লাবের কর্মচারী আবুল কালাম ও এনামুলের বন্ধু হিসেবে পরিচিত হারুন অর রশিদ। তাই তিনজনকে একটি মামলায় আসামি করা হয়। মামলায় তাঁদের বিরুদ্ধে অবৈধভাবে ২১ কোটি ৮৯ লাখ ৪৩ হাজার টাকার সম্পদ অর্জনের অভিযোগ ছিল।
আর এনামুলের ভাই রূপন ভূঁইয়ার বিরুদ্ধে মামলা করেন দুদকের উপসহকারী পরিচালক মোহাম্মদ নেয়ামুল আহসান গাজী। রূপনের বিরুদ্ধে অভিযোগ, তিনি ১৪ কোটি ৪৯ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ করেছেন। তাঁরও বৈধ কোনো আয়ের উৎস নেই। মামলার বাদী দুদকের দুই কর্মকর্তা এর তদন্ত করেন।
ক্যাসিনোবিরোধী অভিযানের অংশ হিসেবে ২০১৯ সালের ২৪ সেপ্টেম্বর গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের তৎকালীন নেতা এনামুল হক ও তাঁর ভাই রূপন ভূঁইয়ার বাড়িতে অভিযান চালায় র্যাব। সেখান থেকে টাকা ও গয়না জব্দ করার পর ওয়ান্ডারার্স ক্লাবের কর্মচারী আবুল কালাম ও এনামুলের বন্ধু হিসেবে পরিচিত হারুন অর রশিদের বাসায় অভিযান চালানো হয়। ওই অভিযানে সব মিলিয়ে ৫ কোটি ৫ লাখ টাকা, ৪ কোটি টাকা মূল্যের ৭২০ ভরি স্বর্ণালংকার ও ৬টি আগ্নেয়াস্ত্র জব্দ করে র্যাব।
অভিযান শেষে র্যাব জানিয়েছিল, এনামুল হক ও রূপন ভূঁইয়া ওয়ান্ডারার্স ক্লাবের শেয়ারহোল্ডার। ওয়ান্ডারার্স ক্লাব থেকে ক্যাসিনোর টাকা এনে এনামুল বাসায় রাখতেন। কিন্তু বিপুল পরিমাণ টাকা রাখার জায়গাও হতো না। তাই টাকা দিয়ে তিনি স্বর্ণালংকার কিনতেন।
ওই সময় ক্যাসিনো ও অবৈধ কর্মকাণ্ডের মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০টির বেশি মামলা করেছিল দুদক।