এনায়েতপুরে আটক দুই চাঁদাবাজকে ছেড়ে দেওয়ার অভিযোগ
সিরাজগঞ্জের এনায়েতপুরের কেজির মোড়ে চাঁদাবাজির সময় হাতেনাতে দুজনকে ধরেও ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার বিকেলে।
রিকশাভ্যান শ্রমিকদের অভিযোগ, চৌহালী উপজেলার এনায়েতপুর থানার কেজির মোড়ে কয়েক মাস ধরে রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের নামে রিকশা-ভ্যান শ্রমিকদের কাছ থেকে প্রতিদিন ১০ টাকা হারে চাঁদা আদায় করা হচ্ছে। গতকাল বিকেলে চাঁদা আদায়ের সময় এনায়েতপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোজাম্মেল হোসেন লিটন হোসেন ও বাবু মিয়াকে আটক করে থানায় নিয়ে যান। পরে সংগঠনের নেতারা তাঁদের ছাড়িয়ে নিয়ে আসেন।
আরকান্দি গ্রামের ভ্যানচালক সাইফুল ইসলাম ও সৈয়দপুর গ্রামের ইব্রাহীম হোসেন অভিযোগ করেন, ভুয়া সংগঠনের নাম করে সভাপতি ও সম্পাদক সেজে রিকশা শ্রমিক না হয়েই ইউনুছ আলী ও মাহমুদুল ইসলাম চাঁদা আদায় করছেন। প্রতিবাদে তাঁরা সড়ক অবরোধসহ নানা কর্মসূচি পালন করেছেন। পরে স্থানীয় সংসদ সদস্যের হস্তক্ষেপে চাঁদা আদায় বন্ধ রাখা হয়। কিছুদিন বন্ধ থাকার পর পুনরায় চাঁদা আদায় শুরু করলে পুলিশ তাঁদের আটক করে। পরে দফারফা করে ছেড়ে দেওয়া হয়েছে।
ওই সংগঠনের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান ও সহসভাপতি মো. আনছার আলীর মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তারা ধরেননি।
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন জানান, কেজির মোড়ে রিকশা-ভ্যান রেখে যাতায়াতে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় ওই দুজনকে ধরে আনা হয়েছিল। চাঁদা আদায় করা হচ্ছিল কি না বিষয়টি তাঁদের জানা নেই। পরে নেতা-কর্মীরা এলে মুচলেকা নিয়ে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।