এনায়েতপুরে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যৌতুকের টাকা না পেয়ে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুর থানার মাঝগ্রামে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
নিহত গৃহবধূ মরিয়ম খাতুন (২০) ওই গ্রামের মোকদম আলীর মেয়ে। ঘটনার পর থেকে স্বামীসহ শ্বশুরবাড়ির সবাই পলাতক আছেন। এই ঘটনায় মরিয়মের মা হালিমা বেগম বাদী হয়ে পাঁচজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
মামলার আরজি, নিহত মরিয়মের স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, দুই বছর আগে মরিয়মের সঙ্গে একই গ্রামের নুরনবীর বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের টাকা নিয়ে কলহের সৃষ্টি হয়। গত সোমবার রাতে যৌতুকের বিষয় নিয়ে নুরনবীর সঙ্গে মরিয়মের কলহ হয়। একপর্যায়ে নুরনবী তাঁকে বেদম মারপিট করেন। এতে মরিয়ম মারা যান। তাঁর লাশ ঘরের মধ্যে রশি দিয়ে ঝুলিয়ে সবাই পালিয়ে যান।
হালিমা বেগম অভিযোগ করেন, বিয়ের পর থেকে মরিয়মের শ্বশুরবাড়ির লোকজন আরও যৌতুক দাবি করে আসছিলেন। টাকা দিতে না পারায় তাঁরা এর আগেও মারধর করেছেন।
জানতে চাইলে এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম হোসেন জানান, লাশের গায়ে একাধিক ক্ষতচিহ্ন দেখা গেছে। ধারণা করা হচ্ছে, তাঁকে পিটিয়ে হত্যা করা হয়ে থাকতে পারে। মরিয়মের মা থানায় হত্যা মামলা করেছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আসামিরা পলাতক থাকায় গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে গ্রেপ্তারের অভিযান চলছে।