এন্তার অভিযোগ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রওনাক আখতারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি ও শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ পাওয়া গেছে।
গোবিন্দগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলায় মোট ২৬৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। শিক্ষক আছেন প্রায় দেড় হাজার এবং শিক্ষার্থী প্রায় ৪০ হাজার।
নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রধান শিক্ষক অভিযোগ করেন, প্রতিবছর স্লিপ প্রকল্পের আওতায় প্রতিটি বিদ্যালয়ে আসবাব সংস্কার ও আনুষঙ্গিক খরচের জন্য ৪০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। এখন এই টাকা পেতে হলে প্রধান শিক্ষকদের কাছ থেকে মাথাপিছু ৬ হাজার টাকা করে ঘুষ নেওয়া হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক আরেক প্রধান শিক্ষক অভিযোগ করেন, ‘প্রতিবছরই শিক্ষা উপকরণ কেনা ও আসবাব মেরামত করতে হয়। এ জন্য বছরে ৫০ থেকে ৬০ হাজার টাকা লাগে। এমনিতেই এ খাতে বার্ষিক বরাদ্দটা কম। তার ওপর বিদ্যালয়প্রতি ৬ হাজার টাকা ঘুষ দিতে বাধ্য হচ্ছি।’
এ বিষয়ে শিক্ষা কর্মকর্তা রওনাক আখতার বলেন, ‘প্রকৃতপক্ষে উপজেলার ২৬৮টি বিদ্যালয়ের মধ্যে ২০০টিতে স্লিপ প্রকল্পের কাজ করা হয়নি। এই কাজের তাগাদা দেওয়ায় প্রধান শিক্ষকেরা খেপে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন।’ তিনি আরও বলেন, ‘যে টাকাটা নেওয়া হয়, সেটা ঘুষ নয়। ভ্যাট বাবদ টাকা কেটে নেওয়া হয়। তবে ভ্যাট প্রসঙ্গে শিক্ষকেরা বলেন, বিভিন্ন জিনিসপত্র কেনার ওপর ভ্যাট কমবেশি হয়ে থাকে। এ ক্ষেত্রে ৪০ হাজার টাকার ভ্যাট ১ হাজার ৬০০ থেকে ২ হাজার ৪০০ টাকা পর্যন্ত হতে পারে। কিন্তু স্যার নেন ৬ হাজার টাকা।’
নাম প্রকাশ না করার শর্তে আরেক প্রধান শিক্ষক অভিযোগ করেন, ‘প্রশাসনিক কাজে তাঁর কার্যালয়ে এলে আমাদের সঙ্গে দুর্ব্যবহার ও অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। এ ছাড়া তিনি অবসরপ্রাপ্ত শিক্ষকদের পেনশন, গ্র্যাচুইটি, এলপিআর, কল্যাণ ভাতার টাকা দিতে প্রত্যেক শিক্ষকের কাছ থেকে ৫ থেকে ১০ হাজার টাকা করে ঘুষ নেন।’ শিক্ষা কর্মকর্তা রওনাক অবশ্য অসৌজন্যমূলক আচরণ বা দুর্ব্যবহারের সব অভিযোগ অস্বীকার করেন।
গোবিন্দগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির উপদেষ্টা মুকিতুর রহমান বলেন, শিক্ষা কর্মকর্তার বড় ভাই দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তা ও তাঁর এক ভাবী শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের পিএস ছিলেন। ওই আত্মীয়দের প্রভাবে শিক্ষা কর্মকর্তা কাউকে মানেন না। শিক্ষকেরা তাঁর কাছে জিম্মি হয়ে পড়েছেন। তবে শিক্ষা কর্মকর্তা দাবি করেন, ‘প্রভাব দেখানোর অভিযোগ সঠিক নয়। আত্মীয়দের প্রভাব দেখিয়ে কোনো শিক্ষকের ক্ষতি করিনি। বরং অনেক শিক্ষকের উপকার করেছি।’