প্রশ্নপত্র ফাঁস হওয়ায় কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের এফ ইউনিটের ভর্তি পরীক্ষা বাতিল করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এ ছাড়া একই অভিযোগে মনোজিৎ কুমার নামে স্নাতকোত্তর বর্ষের এক শিক্ষার্থীর ছাত্রত্বসহ তাঁর স্নাতক সনদ বাতিল করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুন অর রশীদ আসকারীর সভাপতিত্বে গতকাল সোমবার ২৩৩তম সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উপাচার্যের বাসভবনে সভাটি হয়। এতে ১৮ সদস্যের মধ্যে ১৭ জন উপস্থিত ছিলেন।
সন্ধ্যায় উপাচার্য হারুন অর রশীদ প্রথম আলোকে বলেন, দ্রুত সময়ের মধ্যে পরীক্ষাটি আবার নেওয়া হবে। তিনি আরও বলেন, আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটির জরুরি সভা হবে। সেখানে সিদ্ধান্ত নিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হবে। যারা আগের পরীক্ষায় অংশ নিয়েছিল, শুধু তারাই ওই পরীক্ষায় অংশ নিতে পারবে।
উপাচার্য আরও বলেন, প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে এফ ইউনিটের পরীক্ষা সমন্বয়কারী ও গণিত বিভাগের সভাপতি নুরুল ইসলামের জড়িত থাকার প্রমাণ পাওয়ায় তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।