এফডিআরের টাকা আত্মসাৎ, ব্যাংক ব্যবস্থাপক গ্রেপ্তার
কক্সবাজারের একটি ব্যাংকের এফডিআরের ১১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে আল আরাফাহ ইসলামী ব্যাংকের একটি শাখার ব্যবস্থাপককে গ্রেপ্তার করেছে দুদক। তাঁর নাম শওকত ইসলাম। তিনি বর্তমানে ব্যাংকটির চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারস্থ শাখার ব্যবস্থাপক। এর আগে তিনি ব্যাংকটির কক্সবাজার শাখার ব্যবস্থাপক ছিলেন।
দুদকের চট্টগ্রাম কার্যালয়-২ এর উপসহকারী পরিচালক মোহাম্মদ শফিউল্লাহর নেতৃত্বে দুদকের একটি দল আজ রোববার দুপুরে ব্যাংক থেকে শওকত ইসলামকে গ্রেপ্তার করে।
এই অভিযোগে গতকাল শনিবার রাতে মোহাম্মদ শফিউল্লাহ বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় মামলাটি করেন। মামলায় শওকত ইসলাম এবং ব্যবসায়ী হামিদুর রহমানের নামের দুজনকে আসামি করা হয়। শওকত ইসলাম কক্সবাজারের চকরিয়া উপজেলার কৈয়ারবিল গ্রামের বাসিন্দা। আর হামিদুর রহমানের বাড়ি কক্সবাজার পৌরসভার উত্তর টেকপাড়ায়। তিনি মেসার্স আয়েশা কন্সট্রাকশনের মালিক।
মামলার এজাহারে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে এবং ক্ষমতার অপব্যবহার করে জালিয়াতির মাধ্যমে কক্সবাজার শহরের চৌধুরীর পাড়ার ব্যবসায়ী বদিউল আলম ও তাঁর স্ত্রী লুৎফুন নাহারের পৃথক দুটি এফডিআর-এর ১১ লাখ টাকা আত্মসাৎ করেন।
বদিউল আলম অভিযোগ করেন, ২০১০ সালের ৪ আগস্ট ওই ব্যাংকে নিজের নামে ৭ লাখ টাকার একটি এফডিআর এবং একই বছরের ২০ অক্টোবর তাঁর স্ত্রীর লুৎফুন নাহারের নামে খোলা হয় ৪ লাখ টাকার আরেকটি পৃথক এফডিআর। কিন্তু বিনা অনুমতিতে ব্যাংকের ব্যবস্থাপক শওকত ইসলাম ২০১১ সালের ২৩ নভেম্বর দুটি এফডিআর এর ১১ লাখ টাকা হামিদুর রহমানের ব্যবসায়িক প্রতিষ্ঠান মেসার্স আয়েশা কনস্ট্রাকশনকে পরিশোধ দেখিয়ে উভয়ে আত্মসাৎ করেন। এর প্রতিকার চেয়ে তিনি দুদকে অভিযোগ করেছিলেন।
মোহাম্মদ শফিউল্লাহ প্রথম আলোকে জানান, অভিযোগ প্রমাণিত হওয়ায় দুদক তাঁদের বিরুদ্ধে মামলা করে। গ্রাহকের রক্ষিত এফডিআরের টাকা আত্মসাৎ দুদক আইনে শাস্তিযোগ্য অপরাধ। তাই দুপুর ১২টার দিকে চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারস্থ আল আরাফাহ ইসলামী ব্যাংক থেকে ব্যবস্থাপক শওকত ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামি হামিদুর রহমানকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।