এফডিসির সাবেক কর্মকর্তাসহ তিনজনের কারাদণ্ড
দুর্নীতির মামলায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) সাবেক এক কর্মকর্তাসহ তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত।
ঢাকার বিশেষ জজ আদালত–৯–এর বিচারক শেখ হাফিজুর রহমান আজ বৃহস্পতিবার এই আদেশ দেন। প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেন দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর।
দণ্ডিত ব্যক্তিরা হলেন মালয়েশিয়ান নাগরিক জন নোয়েল, এফডিসির সাবেক নির্বাহী শফিকুল ইসলাম ও খন্দকার শহীদুল। তাঁদের মধ্যে এফডিসির কর্মকর্তাকে তিন বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকিদের দুই বছর কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া ৩ আসামিকে ৩০ লাখ ৪২ হাজার ২০ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। আর দুর্নীতির মাধ্যমে আত্মসাৎ করা ৯১ লাখ ২৬ হাজার ৬০ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশ দেন আদালত। দণ্ডিত তিন আসামি পলাতক থাকায় তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
মামলার কাগজপত্রের তথ্য বলছে, এফডিসি আধুনিকায়নের নামে ৩ কোটি ৪৬ লাখ ৫৮ হাজার ৫২০ টাকার আর্থিক ক্ষতির অভিযোগে ২০১৫ সালের ৭ অক্টোবর মামলা করে দুদক। মামলাটি তদন্ত করে ২০১৭ সালের ২ মার্চ আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। ২০১৮ সালের ২২ জানুয়ারি দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। রাষ্ট্রপক্ষ থেকে ২০ জন সাক্ষীকে আদালতে হাজির করা হয়।