এবার আ.লীগ নেতাদের হট্টগোল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে আওয়ামী লীগের সাংসদ ওমর ফারুক চৌধুরীর শাসিয়ে যাওয়ার পরদিনই উপাচার্যের দপ্তরে ঢুকে হট্টগোল করলেন নগর আওয়ামী লীগের নেতারা। তাঁরা শিক্ষকদের গালাগাল করেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার বেলা একটার দিকে এ ঘটনা ঘটে।
উপাচার্যের দপ্তর সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী নিয়োগের দাবি নিয়ে গতকাল উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করতে আসেন নগর আওয়ামী লীগের নেতারা। নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সহসভাপতি সৈয়দ শাহাদত হোসেন, মতিহার থানা আওয়ামী লীগের সভাপতি আবদুল মান্নান, সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিনসহ আট-দশজন নেতা উপাচার্যের দপ্তরে ঢোকেন। এ সময় দপ্তরে উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিন ছাড়াও সহ-উপাচার্য চৌধুরী সারওয়ার জাহান, রেজিস্ট্রার মু এন্তাজুল হক, শিক্ষক সমিতির সভাপতি আনন্দ কুমার সাহা, বিজ্ঞান অনুষদের ডিন হাবিবুর রহমানসহ বেশ কয়েকজন শিক্ষক ছিলেন। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ও প্রগতিশীল শিক্ষক সমাজ এ ঘটনার নিন্দা জানিয়েছে।
দপ্তরে উপস্থিত থাকা জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ইলিয়াছ হোসেনের ভাষ্যমতে, আওয়ামী লীগের নেতারা বিশ্ববিদ্যালয়ে কবে কর্মকর্তা-কর্মচারী নিয়োগ শুরু করা হবে তা জানতে চান। এ সময় উপাচার্য বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের নিয়োগ-প্রক্রিয়া, বিশ্ববিদ্যালয়ের নিয়মকানুন এবং প্রয়োজন অনুযায়ীই করা হবে।’ এ কথার পর নেতারা উত্তেজিত হয়ে ওঠেন এবং কবে নিয়োগ দেওয়া হবে তার তারিখ জানতে চান। এ নিয়ে হুমকিধমকি দেওয়া শুরু করেন আওয়ামী লীগের নেতারা। এ সময় বিজ্ঞান অনুষদের ডিন হাবিবুর রহমান এগিয়ে এসে নগর আওয়ামী লীগের সহসভাপতি শাহাদত হোসেনের হাত ধরে তাঁদের শান্ত হওয়ার অনুরোধ জানান। কিন্তু তিনি শাহাদত হোসেনের হাত ধরতেই বাকি নেতারা উচ্চবাচ্য শুরু করেন। শাহাদত হোসেনের শরীরে কেন হাত দেওয়া হয়েছে, এটা জানতে চেয়ে তাঁর দিকে তেড়ে আসেন নেতারা। এরপর তাঁরা উপাচার্য এবং অন্যান্য শিক্ষকের উদ্দেশে নানা রকম অশালীন উক্তি ও কটু কথা বলেন।
হাবিবুর রহমান বলেন, ‘শাহাদত হোসেন আমার পূর্বপরিচিত হওয়ায় আমি তাঁকে শান্ত করার জন্য এগিয়ে যাই। কিন্তু আমি এগিয়ে যাওয়ার সময়ই আওয়ামী লীগ নেতারা আমার দিকে তেড়ে আসেন।’
কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, ডাবলু সরকারসহ অন্য নেতা-কর্মীরা উপাচার্যকে উদ্দেশ করে গালাগাল করেন। আওয়ামী লীগের নেতা-কর্মীদের নিয়োগ না দিয়ে কীভাবে উপাচার্য তাঁর চেয়ারে থাকেন তা-ও দেখে নেওয়ার হুমকি দেন ডাবলু সরকার। দাবি মেনে না নিলে ক্যাম্পাস অচল করে দেওয়ার হুমকি দেন তাঁরা।
এরপর আওয়ামী লীগের নেতারা বের হয়ে এলে প্রশাসনিক ভবনের সামনে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমানের নেতৃত্বে ছাত্রলীগের একদল নেতা-কর্মী মিছিল নিয়ে উপস্থিত হন। তাঁরা উপাচার্যবিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
জানতে চাইলে ডাবলু সরকার প্রথম আলোকে বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবিরের হাতে নিহত ছাত্রলীগ কর্মী ফারুক হোসেনের বোনের চাকরি স্থায়ীকরণ, শিবিরের হামলায় গুরুতর আহত ছাত্রলীগ নেতা আবদুল্লাহ আল মাসুদের বিশেষ ব্যবস্থায় পরীক্ষাদানের সুযোগ দেওয়া এবং দুই বছর আগে স্থগিত করা একটি নিয়োগ-প্রক্রিয়ার বিষয়ে কথা বলার জন্য উপাচার্যের দপ্তরে এসেছিলাম। কিন্তু উপাচার্য আমাদের বাইরের লোক বলে কথা বলতে চান না। আমরা উঠে আসতে চাইলে এক শিক্ষক এসে আওয়ামী লীগ নেতা শাহাদত হোসেনের হাত ধরে টান দেন। এ সময় অন্য নেতারা উত্তেজিত হলে কিছুটা হট্টগোল হয়। আমরা সেখানে কোনো খারাপ আচরণ করিনি।’
ছাত্রলীগের মিছিলের বিষয়ে জানতে চাইলে ডাবলু সরকার বলেন, ‘নগর আওয়ামী লীগের নেতাদের সঙ্গে খারাপ আচরণের খবর শুনে ছাত্রলীগের নেতা-কর্মীরা এসেছিল।’ উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিন বলেন, ‘সব বিধিবিধান মেনেই বিশ্ববিদ্যালয়ের সব নিয়োগ-প্রক্রিয়া সম্পন্ন হয়। আমরাও তার ব্যতিক্রম ঘটাব না।’
এর আগে গত বুধবার অনিয়মের অভিযোগে একটি বেসরকারি মেডিকেল কলেজকে জরিমানা করার জের ধরে উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিনকে দেখে নেওয়ার হুমকি দেন রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সাংসদ ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী। এ নিয়ে গতকাল প্রথম আলোতে ‘উপাচার্যকে শাসালেন সাংসদ’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।