এবার আবেদনকারীর ওপর হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিভাগীয় পাসপোর্ট কার্যালয়ের কর্মচারীরা আরও বেপরোয়া হয়ে উঠেছেন। এক কর্মচারী গতকাল মঙ্গলবার পাসপোর্টের ফরম জমা দিতে আসা এক আবেদনকারীকে পিটিয়েছেন।
এ ব্যাপারে ভুক্তভোগী ওই ব্যক্তি পাসপোর্ট কার্যালয়ের উপপরিচালকের কাছে একটি লিখিত অভিযোগ করেছেন। এর আগে গত অক্টোবর মাসে এই কার্যালয়ের দালালেরা পুলিশের ওপর হামলা করেন।
প্রথম আলোয় গত ৪ জুলাই ‘দালালের দখলে পাসপোর্ট কার্যালয়’ এবং ‘পাসপোর্ট কার্যালয়ে দুর্নীতি বন্ধ না হলে আন্দোলন’ শিরোনামে দুটি খবর প্রকাশিত হয়।
নাটোরের লালপুর উপজেলার চকশোভ গ্রামের এক তরুণ গতকাল পাসপোর্ট ফরম জমা দিতে আসেন। তাঁর ফরমে ভুল ধরে বসেন ফরম গ্রহণ কাউন্টারের কর্মচারী। কিন্তু ত্রুটিপূর্ণ ফরম বেলা একটার পরে ফেরত দেওয়া হবে বলে জানিয়ে দেন। মনোয়ার হোসেন তাঁর ফরমটি তখনই ফেরত চান। এতে ক্ষিপ্ত হয়ে ফরম গ্রহণ কাউন্টারের কর্মচারী গলেমুর রহমান কাউন্টার ছেড়ে বাইরে এসে মনোয়ার হোসেনকে পেটাতে থাকেন। এ সময় প্রায় অর্ধশত আবেদনকারী সেখানে ছিলেন। তাঁদের হস্তক্ষেপে মনোয়ার রক্ষা পান।
মনোয়ার হোসেন বলেন, তাঁর সামনেই চাঁপাইনবাবগঞ্জের এক ব্যক্তি আগের দিন ফরম জমা দিতে এসেছিলেন। ত্রুটি ধরে তাঁর ফরম ফেরত দেওয়া হয়। গতকাল একই ফরম দেড় হাজার টাকা দিয়ে দালালের মাধ্যমে দেওয়া হলো।
রাজশাহীর বাঘা উপজেলার তোফায়েল আহাম্মেদ বলেন, তিনিও একই সমস্যায় ভুগছেন। টাকা না দিলে ত্রুটির শেষ নেই। দালালকে টাকা দিলে সেই ফরমই আবার জমা নেওয়া হচ্ছে।
মনোয়ার হোসেন বলেন, অনিয়ম ও হামলার বিচার চেয়ে তিনি উপপরিচালকের কাছে লিখিত অভিযোগ করেছেন। উপপরিচালক মধুসূদন সরকার বলেন, ফরম জমা দেওয়া নিয়ে তাঁদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়েছে। এ ব্যাপারে তিনি একটি লিখিত অভিযোগ পেয়েছেন। অফিস শেষে তিনি বিষয়টি দেখবেন এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়ে উপযুক্ত ব্যবস্থা নেবেন। তবে তিনি হয়রানির অভিযোগ অস্বীকার করেন।
ভুক্তভোগীদের অভিযোগ, আবেদনপত্র জমা দিতে গেলে সিংহভাগই ত্রুটিপূর্ণ বলে ফেরত দেওয়া হয়। আর পাসপোর্ট কার্যালয়ের গেটেই দাঁড়িয়ে থাকে একদল দালাল। তাদের হাতে দিলে কোনো ত্রুটি সংশোধন করার প্রয়োজন হয় না। দূর-দূরান্ত থেকে আসা মানুষ বাধ্য হয়ে একপর্যায়ে দালালের হাতে ফরম ছেড়ে দিচ্ছে।
আবার ফরম জমা দেওয়ার পরে আঙুলের ছাপ নেওয়ার জন্য নতুন আরেকটা তারিখ দেওয়া হয়। সাধারণত ছয় হাজার টাকা ফি দিলে সাত কর্মদিবসের মধ্যে পাসপোর্ট দেওয়ার কথা, আর সাধারণ আবেদনকারীদের ক্ষেত্রে ১৫ কর্মদিবসের মধ্যে দেওয়ার কথা। কিন্তু দালাল ছাড়া যাঁরা নিজে ফরম জমা দেবেন, তাঁদের ন্যূনতম ২০-২৫ দিন পরে আঙুলের ছাপ নেওয়ার দিন দেওয়া হয়। তারপর শুরু হয় সাত কর্মদিবস। তার পরও আর সাত কর্মদিবসে পাসপোর্ট পাওয়া যায় না। তখন বলা হয়, পুলিশ প্রতিবেদন পাওয়া সাপেক্ষে পাসপোর্ট পাবেন। আর দালালের মাধ্যমে গেলে পরের দিন এমনকি ফরম জমা দেওয়ার দিনই আঙুলের ছাপ নিয়ে নেওয়া হয়।
গত বছরের ২ আগস্ট পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে হাতেনাতে চার দালালকে আটক করে গাড়িতে তোলে পুলিশ। এ সময় দালালেরা হামলা চালিয়ে আটক দালালদের ছিনিয়ে নেয়। এ নিয়ে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। হামলাকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। পুলিশ পাল্টা রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। প্রায় ১০ মিনিট ধরে তাদের মধ্যে সংঘর্ষ চলে।