এবার ঈদেও বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের ঈদেও সড়ক, রেল ও নৌপথের যাত্রীদের অস্বাভাবিক হারে বেশি ভাড়া গুনতে হচ্ছে বলে অভিযোগ উঠেছে। মন্ত্রণালয়, দপ্তর, অধিদপ্তরসহ সংশ্লিষ্ট মহল এসব সমস্যা বন্ধের কথা বললেও প্রকৃতপক্ষে কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না। অতিরিক্ত ভাড়া বন্ধে সরকারের ওপর হাইকোর্টের নির্দেশনা থাকার পরেও তা বাস্তবায়িত হচ্ছে না। যাত্রীরা নৈরাজ্য ও হয়রানির শিকার হচ্ছেন।
গতকাল বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি আয়োজিত আসন্ন ঈদে অতিরিক্ত ভাড়া আদায়ের নামে যাত্রীদের পকেট কাটার নৈরাজ্য এবং যাত্রী হয়রানি বন্ধের দাবিতে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী।
সমিতির মহাসচিব অভিযোগ করেন, সমিতির পক্ষ থেকে প্রাথমিক পর্যবেক্ষণে দেখা গেছে, এ বছর ২৫ রমজান থেকে ঈদের ১০ দিন পর পর্যন্ত ১৫ দিনে সড়ক, নৌ ও রেলপথে যাত্রীদের কাছ থেকে সরকার-নির্ধারিত ভাড়ার চেয়ে ১০ হাজার ৭৭৫ কোটি টাকা অতিরিক্ত ভাড়া আদায় করা হবে। এর মধ্যে সড়কপথে ছয় হাজার কোটি টাকা, নৌপথে চার হাজার কোটি টাকা ও রেলপথে কালোবাজারির মাধ্যমে ৭৭৫ কোটি টাকারও বেশি অতিরিক্ত আদায় করা হবে। ঈদ উপলক্ষে যাত্রীদের অগ্রিম ও ফিরতি টিকিটের মূল্য হিসাব করে এ দাবি জানানো হয়েছে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।
এ ছাড়া পিকআপ, ট্রাক, মিনি ট্রাকসহ অন্যান্য পণ্যবাহী যানবাহন গণপরিবহন সংকটের সুযোগ নিয়ে ঈদে যাত্রী বহনে অতিরিক্ত ভাড়া আদায়ের নামে আরও ছয় শ কোটি টাকা লুটে নেবে বলেও সংবাদ সম্মেলনে দাবি করা হয়।
সমিতির পক্ষ থেকে গণপরিবহনে নৈরাজ্য ও যাত্রী হয়রানি বন্ধের লক্ষ্যে গণপরিবহনের সংখ্যা বাড়ানো, তদারকি দলে যাত্রীদের প্রতিনিধি রাখা ও কার্যক্রম জোরদার করা, শাস্তির বিধানের ব্যবস্থা করা, ট্রেনের টিকিট কালোবাজারি বন্ধে যাত্রীর জাতীয় পরিচয়পত্রের নম্বর অথবা মুঠোফোন নম্বরসহ যাত্রীর নামে টিকিট ইস্যুর ব্যবস্থার দাবি করা হয় সংবাদ সম্মেলনে।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সমিতির চেয়ারম্যান শরীফ রফিকুজ্জামান।