এবার উড়াল ডাকে এসেছে সোনার বার
বিমানবন্দর, রেলস্টেশনে সোনা উদ্ধারের পর এর ডাকঘর থেকে সোনার বার উদ্ধার হয়েছে। আজ মঙ্গলবার বিমানবন্দরের ডাকঘর থেকে আটটি সোনার বার উদ্ধার করে শুল্ক বিভাগ। আবর আমিরাতের দুবাই থেকে সেগুলো পার্সেল করে পাঠানো হয়েছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার নাজমা জাবিন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে সকাল সাড়ে ১০টার দিকে শাহজালাল বিমানবন্দরের ডাকঘরে অভিযান চালানো হয়। এ সময় দুবাই থেকে পার্সেল করে পাঠানো ডিভিডি প্লেয়ারের একটি বক্সের মধ্য থেকে সোনার বারগুলো উদ্ধার করা হয়।
নাজমা জাবিনের ভাষ্য, গত রাতে দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে করে পার্সেলটি ঢাকায় আসে। দুবাই থেকে মি. মোহাম্মদ নামের এক ব্যক্তি পার্সেলটি পাঠিয়েছেন। প্রাপক হিসেবে বায়তুল মোকাররম মার্কেটের হৃদয় ইলেকট্রনিকসের নাম লেখা রয়েছে।
নাজমা জাবিনের ভাষ্য, সোনার বারগুলোর ওজন এক কেজি। এর বাজারমূল্য প্রায় ৪৫ লাখ টাকা। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।