এবার উদ্ধার ৩৮ কেজি সোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জব্দ করা সোনার মূল্য ১৬ কোটি ২৫ লাখ টাকা। এ বছর চট্টগ্রাম বিমানবন্দরে জব্দ হওয়া সোনার এটাই সবচেয়ে বড় চালান
চট্টগ্রামে শাহ আমানত বিমানবন্দরে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজে গতকাল তল্লাশি চালিয়ে ৩২৫টি সোনার বার উদ্ধার করে চট্টগ্রাম কাস্টমস। এ সময় মো. হোসেন ও রুবেল খাকি নামে দুই যাত্রীকে আটক করা হয় l ফোকাস বাংলা
চট্টগ্রামে শাহ আমানত বিমানবন্দরে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজে গতকাল তল্লাশি চালিয়ে ৩২৫টি সোনার বার উদ্ধার করে চট্টগ্রাম কাস্টমস। এ সময় মো. হোসেন ও রুবেল খাকি নামে দুই যাত্রীকে আটক করা হয় l ফোকাস বাংলা

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ৩৮ কেজি ওজনের ৩২৫টি সোনার বার জব্দ করেছেন কাস্টমস কর্মকর্তারা। গতকাল মঙ্গলবার সকালে দুবাই থেকে আসা একটি উড়োজাহাজের যাত্রীরা নামার পর বিমানবন্দরের শৌচাগার ও দুই যাত্রীর কাছ থেকে এসব সোনার বার জব্দ করা হয়। জব্দ করা সোনার বারের মূল্য ১৬ কোটি ২৫ লাখ টাকা বলে কাস্টমস কর্মকর্তারা জানান।
এ বছর চট্টগ্রাম বিমানবন্দরে জব্দ হওয়া স্বর্ণের এটি সবচেয়ে বড় চালান। এর আগে গত বছরের ২৫ মার্চ দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজের আসনের নিচ থেকে ৪৬ কোটি টাকার ১০৭ কেজি সোনার বার উদ্ধার করা হয়েছিল।
এ ঘটনায় মো. হোসেন ও রুবেল খাকি নামে দুই যাত্রীকে আটক করা হয়েছে। মো. হোসেনের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে। রুবেল খাকির বাড়ি শরীয়তপুরে। তাঁদের দুজনের পাসপোর্ট ও মুঠোফোন জব্দ করা হয়েছে। এঁদের মধ্যে রুবেল খাকি ২০১৪ সালে ১৪ বার দুবাই আসা-যাওয়া করেছেন বলে কাস্টমস কর্মকর্তারা জানান।
এ ঘটনার পর বিমানবন্দরে আসেন চট্টগ্রাম কাস্টমস কমিশনার হোসেন আহমদ। তিনি সাংবাদিকদের জানান, ‘এখন আমরা নিজেদের মধ্যে ও অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করছি। এই চালানটি জব্দ করতেও নিজেদের মধ্যে এবং গোয়েন্দা সংস্থারও সহযোগিতা ছিল। এনবিআর চেয়ারম্যানের নির্দেশে এখন থেকে এভাবেই কার্যক্রম পরিচালনা হবে।’
বিমানবন্দরে নিয়োজিত চট্টগ্রাম কাস্টমসের সহকারী কমিশনার পারভেজ আল জামান গতকাল সকালে প্রথম আলোকে জানান, কাস্টমস কমিশনার সকালে ফোন করে বিমানবন্দরে তদারকি বাড়ানোর নির্দেশ দেন। একটি স্বর্ণের চালান পাচার হতে পারে, এমন খবর দেন তিনি। এরপরই দুবাই থেকে বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ বিজি-০৪৮ চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণের পর তৎপরতা বাড়ানো হয়। যাত্রীরা নেমে যাওয়ার পর উড়োজাহাজে তল্লাশি চালানো হয়। উড়োজাহাজে কিছু পাওয়া না যাওয়ায় যাত্রীদের ওপর সতর্ক দৃষ্টি রাখছিলেন কাস্টমস কর্মকর্তারা। হঠাৎ করে রুবেল খাকি নামের এক যাত্রী বিমানবন্দরের শৌচাগার থেকে বেরিয়ে যাওয়ার সময় সন্দেহ হয় কাস্টমস কর্মকর্তাদের। তাঁকে আটক করে ওই শৌচাগারে তল্লাশি চালিয়ে প্রথমে ২৮টি সোনার বার জব্দ করা হয়।
এরপর বিমানবন্দরে আরও চারটি শৌচাগার তল্লাশি করে দুটি থেকে ২৬০টি সোনার বার জব্দ করা হয়। গুঁড়োদুধ ও চিপসের প্যাকেটের ভেতর এসব সোনার বার লুকিয়ে রাখা হয়েছিল। কেউ যাতে দেখতে না পারে, সে জন্য কমোডের পেছনে রাখা হয় এগুলো। তৃতীয় দফায় কাস্টমস আনুষ্ঠানিকতা চলার সময় একই উড়োজাহাজের যাত্রী মো. হোসেনের শরীরে তল্লাশি করে আরও ৩৭টি সোনার বার জব্দ করা হয়।
কাস্টমসের সহকারী কমিশনার সেলিম রেজা প্রথম আলোকে বলেন, আটক দুই যাত্রীর বিরুদ্ধে পতেঙ্গা থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ বি ধারায় পৃথক দুটি মামলা করা হচ্ছে। পরিত্যক্ত অবস্থায় পাওয়া যাওয়া সোনার বারের বিষয়ে কাস্টমসের বিভাগীয় প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।