ঢাকা থেকে আরও এক ব্যক্তির নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। মো. আহসান হাবীব নামের ওই ব্যক্তি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) কর্মচারী, বাড়ি দিনাজপুরের বিরলে। এ নিয়ে গত এক সপ্তাহে ১০ জন নিখোঁজের খবর পাওয়া গেল।
আগের মতো আবারও তরুণদের নিখোঁজ হওয়ার ঘটনা সাধারণ মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করেছে। গুলশানের হলি আর্টিজানে হামলার পর হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়া তরুণদের কথা আলোচনায় আসে।
পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের প্রধান মনিরুল ইসলাম গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ‘সাংগঠনিকভাবে জঙ্গিরা এখন অনেক দুর্বল। রাজধানীতে তাদের কোনো ঘাঁটি থাকার আশঙ্কা নেই। অন্য কোথাও আছে বলেও মনে হয় না। তবে জঙ্গিবাদের উত্থান যেমন এক দিনে হয়নি, তেমনি এক দিনে এটাকে উপড়ে ফেলাও সম্ভব নয়। আমি বলব আপনারা আতঙ্কিত হবেন না। তবে সতর্ক থাকুন।’
এনসিটিবির কর্মচারী আহসান হাবীব গত ১৩ নভেম্বর গ্রামের বাড়িতে যাওয়ার কথা বলে ছুটি নেন। এরপর থেকে তাঁর খবর নেই। ৬ ডিসেম্বর তাঁর স্ত্রী মনছুরা বেগম মতিঝিল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। সেখানে তিনি লিখেছেন, ১৪ নভেম্বর আহসান হাবীব অসুস্থ মাকে দেখার কথা বলে তাঁর কাছ থেকে বিদায় নেন। সেখানে তাঁর ১৭ তারিখ পর্যন্ত থাকার কথা। কিন্তু ওই দিন থেকে তিনি আর যোগাযোগ করেননি। তাঁর দুটি ফোনই বন্ধ। গ্রামের বাড়িতে খোঁজ নিয়ে জানা গেছে, সেখানেও তিনি যাননি। বিভিন্ন জায়গায় যোগাযোগ করেও তাঁর খোঁজ পাওয়া যাচ্ছে না।
গতকাল সন্ধ্যায় মনছুরা বেগম প্রথম আলোকে বলেন, ‘আগে কোনো দিন এমন হয়নি। একবার ফোনে চার্জ ছিল না, তাই একদিন আমার সঙ্গে কথা হয়নি। আমার দুটো ছেলে ক্লাস সিক্সে পড়ে। সারা দিন বাবার জন্য কাঁদছে। পরীক্ষাটাও ঠিকমতো দিতে পারেনি।’
জানা গেছে, আহসান হাবীব ১৪ নভেম্বর সহকর্মী আনিসুর রহমানকে নিজের নম্বর থেকেই ফোন করেছিলেন। ওভারটাইমের টাকা ছাড় হলে তাঁর টাকাটা যেন তিনি রাখেন, সেই অনুরোধ জানাতেই আহসান ফোন করেছিলেন বলে জানান আনিসুর রহমান। তিনি প্রথম আলোকে বলেন, ‘তাঁর হঠাৎ উধাও হওয়ার কোনো কারণ দেখছি না। তাঁর আচার-আচরণেও কখনো কোনো পরিবর্তন চোখে পড়েনি। একদম স্বাভাবিক ছিলেন।’
নিখোঁজ তরুণদের খোঁজ নেই: নিখোঁজ তরুণেরা সর্বশেষ কোথায় ছিলেন, কার কার সঙ্গে যোগাযোগ করেছেন, সে সম্পর্কে পরিষ্কারভাবে এখনো কিছু জানা যায়নি। পুলিশের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, নিখোঁজ তরুণদের কেউ কেউ অ্যাডভেঞ্চারের জন্যও বের হতে পারেন। আবার সন্দেহের তালিকায় থাকায় কোনো এজেন্সিও তাঁদের তুলে নিতে পারে।
বনানী থেকে নিখোঁজ পাঁচ তরুণ সাফায়াত হোসেন, জাইন হোসেন খান, মেহেদি হাওলাদার, মো. সুজন ও সাঈদ আরমান খান—কারও খোঁজ পাওয়া যায়নি। সদ্য ও লেভেল পাস করা সাঈদ আরমান খানের (১৮) এক আত্মীয় গতকাল প্রথম আলোকে বলেন, ‘৫ ডিসেম্বর সাঈদ বনানী থেকে সাইকেলে কলাবাগানে এসেছিল কারাতে ক্লাসে। তারপর আর বাড়ি ফেরেনি।’ লম্বায় ছয় ফুট হলেও সাঈদ ছিলেন অনেকটাই শিশুসুলভ। তাঁর বিষয়ে গতকাল পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে কোনো তথ্য পাননি তাঁরা। তবে র্যাব-১-এর সদস্যরা এসে সাঈদের ল্যাপটপ ও অন্যান্য জিনিস নিয়ে গেছেন।
প্রথম আলোর পাবনা প্রতিনিধি পাবনা মেডিকেল কলেজের নিখোঁজ দুই ছাত্রের সহপাঠী ও শিক্ষকদের সঙ্গে গতকাল কথা বলেছেন। তাঁদের এক সহপাঠী প্রথম আলোকে বলেন, ছুটি পড়ায় ২৫ নভেম্বর থেকে শিক্ষার্থীরা হল ছাড়তে শুরু করেন। পাবনা মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন ওরফে বিপ্লবও (২২) ওই দিন গ্রামের বাড়ি রংপুরে যান। যাওয়ার আগে তিনি তাঁর ল্যাপটপ বন্ধু তানভির আহম্মেদ ওরফে তনয়কে দিয়ে গিয়েছিলেন। ৩০ নভেম্বর কলেজে খবর আসে তানভির নিখোঁজ। তাঁরা জানতে পেরেছেন, ল্যাপটপ নিতে পাবনায় আসার কথা বলে জাকির বাসা থেকে বের হন। কিন্তু তাঁকেও আর কলেজে দেখা যায়নি।
জাকিরের ভাই জাহাঙ্গীর হোসেন মুঠোফোনে বলেন, নিখোঁজ হওয়ার পর ১ ডিসেম্বর ৩টা ৫৫ মিনিটে সর্বশেষ জাকিরের মুঠোফোন খোলা পাওয়া যায়। এ সময় তিনি বগুড়ার সুখানপুকুর এলাকায় ছিলেন।
সহপাঠীরা আরও বলেন, জাকির ও তানভির বেশ কয়েকবার পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন। তাঁদের মধ্যে হতাশা কাজ করছিল। ইদানীং তানভিরের মধ্যে বেশ কিছু পরিবর্তনও দেখা গেছে। আগে দাড়ি থাকলেও মাস পাঁচেক আগে তিনি দাড়ি কামিয়ে ফেলেন।
পাবনা সদর থানার ওসি আবদুর রাজ্জাক বলেন, ‘নিখোঁজ তরুণদের সম্পর্কে আমরা তথ্য পাচ্ছি। তদন্ত শেষ হলে বিস্তারিত প্রকাশ করা হবে।’
পাবনা মেডিকেল কলেজের অধ্যক্ষ রিয়াজুল হক প্রথম আলোকে বলেন, ‘নিখোঁজ দুই ছাত্রের বিষয়ে আমরা উদ্বিগ্ন। সহপাঠীরাও চিন্তিত।’
বরিশালের আগৈলঝাড়া উপজেলা সদরের জামিয়াতুল নাফিজিয়া আল ইসলামিয়া মার্কাস মাদ্রাসায় হেফজ বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র নেয়ামতুল্লাহ বেপারী (১৬) নিখোঁজ হওয়ায় তার পরিবারে আতঙ্ক বিরাজ করছে। নেয়ামতের বাবা দিনমজুর।
আগৈলঝাড়া থানার উপপরিদর্শক মো. শাহজালাল বলেন, গত মঙ্গলবার নিখোঁজ নেয়ামতুল্লাহ (১৬) তার মায়ের মুঠোফোনে একটি খুদে বার্তা পাঠায়, যাতে লেখা ছিল, ‘মা আমাকে ক্ষমা করো, আমি যেথায় থাকি না কেন চিন্তা করবা না।’