এবার ওভেন থেকে সোনা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার মাইক্রোওয়েভ ওভেনে করে পাচারের চেষ্টাকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় সোয়া তিন কেজি সোনা উদ্ধার হয়েছে। গতকাল বুধবার সকালে দুবাই থেকে আসা যাত্রী তারেক হোসেনের (২৪) সঙ্গে থাকা ওভেন থেকে এই সোনা উদ্ধার করা হয়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সূত্র জানায়, তারেক এমিরেটস এয়ারলাইনসে ঢাকায় আসেন। তাঁর বাড়ি চট্টগ্রামের হাটহাজারীতে। গ্রিন চ্যানেল পার হওয়ার সময় কয়েকবার প্রশ্ন করলেও তিনি সোনা থাকার কথা অস্বীকার করেন। পরে তাঁর সঙ্গে থাকা ওভেনের পেছনের অংশ খুলে ২৭টি সোনার বার উদ্ধার করা হয়। এসব বারে তিন কেজি ১৪৫ গ্রাম সোনা আছে, এর মূল্য প্রায় দেড় কোটি টাকা। তারেককে আটক করা হয়েছে।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান বলেন, এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা হয়েছে।

এই বিমানবন্দরে গত ২২ আগস্ট যাত্রীর জুসের প্যাকেট থেকে সাত কেজি ৩০০ গ্রাম, ১ সেপ্টেম্বর ট্রলি ব্যাগ থেকে সাড়ে চার কেজি, ৫ সেপ্টেম্বর ভ্যাকুয়াম ক্লিনার থেকে প্রায় দেড় কেজি এবং ১৯ সেপ্টেম্বর কলম থেকে আধা কেজি সোনা উদ্ধার করা হয়।