এবার ওয়ার্ড থেকে ৫ লাখ টাকার ওষুধ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুকুর থেকে ওষুধ উদ্ধারের এক দিন পর বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চতুর্থ তলার মহিলা মেডিসিন ওয়ার্ড থেকে গতকাল পাঁচ লাখ টাকার সমপরিমাণ ওষুধ জব্দ  করা হয় l ছবি: প্রথম আলো
পুকুর থেকে ওষুধ উদ্ধারের এক দিন পর বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চতুর্থ তলার মহিলা মেডিসিন ওয়ার্ড থেকে গতকাল পাঁচ লাখ টাকার সমপরিমাণ ওষুধ জব্দ করা হয় l ছবি: প্রথম আলো

পুকুর থেকে সরকারি ওষুধ উদ্ধারের এক দিন পর গতকাল শনিবার বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মহিলা মেডিসিন ওয়ার্ডে মিলল আরও ৫ লাখ টাকা মূল্যের সরকারি ওষুধ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয় মহিলা মেডিসিন ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ সেবিকা বিলকিস বেগমকে।

গত শুক্রবার দুপুরে হাসপাতালের মহিলা মেডিসিন ওয়ার্ডের আয়া শেফালি বেগমের বাসা ও কর্মচারীদের কোয়ার্টারের সামনের পুকুর থেকে এক লাখ টাকার সরকারি ওষুধ উদ্ধার করা হয়। এ ঘটনায় শেফালি, তাঁর ছেলে মামুনকে গ্রেপ্তার করা হয়। বরিশাল কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) অরবিন্দ বিশ্বাস বাদী হয়ে শুক্রবার রাতেই থানায় একটি মামলা দায়ের করেন।

হাসপাতালের একটি সূত্র জানায়, দীর্ঘদিন ধরে হাসপাতালের ওয়ার্ড থেকে লাখ লাখ টাকার ওষুধ চুরি করে বাইরে এনে বিক্রি করা হচ্ছে। এর সঙ্গে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের একটি সংঘবদ্ধ চক্র জড়িত।

প্রশাসন সূত্র জানায়, পুকুর থেকে ওষুধ উদ্ধারের ঘটনায় পৃথক তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। হাসপাতালের প্রধান ওষুধ ভান্ডার, উপভান্ডার ও অন্তর্বিভাগের ভান্ডারের ওষুধের রেজিস্ট্রার মিলিয়ে দেখা ও ওষুধ চুরির সঙ্গে কারা জড়িত তা তদন্তের জন্য তিনজন সহকারী পরিচালককে প্রধান করে পৃথক এসব কমিটি গঠন করা হয়। আগামী তিন দিনের মধ্যে তাদের প্রতিবেদন দিতে বলা হয়েছে।

বরিশাল কোতোয়ালি থানার তদন্ত-সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, জিজ্ঞাসাবাদে শেফালি ও তাঁর ছেলে মামুন স্বীকার করেছেন, বিভিন্ন সময়ে এসব ওষুধ তাঁরা চুরি করে বাইরে বিক্রির জন্য বাসায় এনে জমা করেন। এর সঙ্গে ওই ওয়ার্ডের আরও কয়েকজন কর্মকর্তা-কর্মচারী জড়িত। শেফালি বেগমের ছেলে মাদকাসক্ত। কয়েক দিন ধরে মায়ের কাছে তিনি মোটা অঙ্কের টাকা দাবি করে আসছিলেন। কিন্তু শেফালি টাকা দিতে অস্বীকার করলে বৃহস্পতিবার মামুন বাসার কিছু মালামাল ভাঙচুর করেন এবং বাসায় রাখা সরকারি ওষুধ পুকুরে ফেলে দেন। আর এতেই ওষুধ চুরির বিশাল ঘটনা ফাঁস হয়ে যায়।

হাসপাতালের নির্ভরযোগ্য একটি সূত্র জানায়, প্রতিদিন সকালে প্রতিটি ওয়ার্ড থেকে একটি চাহিদাপত্র হাসপাতালের ওষুধ ভান্ডারে পাঠানো হয়। সেই চাহিদাপত্র অনুযায়ী প্রতিটি ওয়ার্ডে তালিকা করে ওষুধ পাঠানো হয়। মূলত চাহিদাপত্রের ওষুধের বেশির ভাগই সরবরাহ না থাকার অজুহাত দেখিয়ে রোগীদের দেওয়া হয় না। আর এই সুযোগেই প্রতিদিন সরকারি ওষুধ চুরি করে বাইরে বিক্রি করা হয়।

হাসপাতালের পরিচালক এস এম সিরাজুল ইসলাম বলেন, যে পরিমাণ ওষুধ গতকাল উদ্ধার করা হয়েছে তা দিয়ে ওই ওয়ার্ডের রোগীদের তিন থেকে চার মাসের ওষুধের চাহিদা মেটানো সম্ভব। কিন্তু সর্বোচ্চ এক দিনের চাহিদার বেশি ওষুধ ওয়ার্ডে মজুত রাখার নিয়ম নেই।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (দক্ষিণ) সাইফুল্লাহ মো. নাসির অভিযান শেষে বলেন, শুক্রবার গ্রেপ্তার হওয়া আয়া শেফালি বেগমকে জিজ্ঞাসাবাদ করে হাসপাতালে ওষুধ চুরির অনেক তথ্য তাঁরা পেয়েছেন।

উপপুলিশ কমিশনার আরও জানান, ওয়ার্ড থেকে জব্দ করা কাগজপত্রে দেখা গেছে, ভান্ডার থেকে সরবরাহ হওয়া প্রতিদিনের ওষুধ প্রতিদিনই রোগীদের মধ্যে সরবরাহ করা হয়েছে। তারপরও বিপুল পরিমাণ ওষুধ কীভাবে এল তার কোনো জবাব দিতে পারেননি দায়িত্বপ্রাপ্ত সেবিকা বিলকিস বেগম। তিনি (বিলকিস) হাসপাতালের ওষুধ চুরির চক্রের অন্যতম হোতা, এ তথ্য আগেই জানতে পেরেছেন তাঁরা।

ওষুধ চুরিতে কর্মচারীদের জড়িত থাকার বিষয়ে হাসপাতালের পরিচালক এস এম সিরাজুল ইসলাম বলেন, আগে থেকেই বিলকিসের বিরুদ্ধে ওষুধ নিয়ে অনিয়মের অভিযোগ রয়েছে। তাঁকে অন্যত্র বদলি করার জন্য সেবিকা অধিদপ্তরে একাধিকবার চিঠি দেওয়া হলেও রহস্যজনক কারণে তা কার্যকর হয়নি।

জানতে চাইলে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে সেবা বিভাগের তত্ত্বাবধায়ক মমতাজ বেগম বলেন, বিলকিস বেগম ২০১৪ সালের জুন থেকে মহিলা মেডিসিন ওয়ার্ডের দায়িত্বে রয়েছেন। তাঁর বিরুদ্ধে রোগীদের ওষুধ নিয়ে অনিয়মের অভিযোগ মৌখিকভাবে শুনলেও সুনির্দিষ্ট কোনো প্রমাণ পাওয়া যায়নি। মমতাজ বেগম দাবি করেন, ভান্ডার থেকে ওয়ার্ডে ওষুধ সরবরাহে সুনির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে। সংঘবদ্ধ সিন্ডিকেট ছাড়া কারও একার পক্ষে লাখ লাখ টাকার ওষুধ চুরি সম্ভব নয়।