এবার কলমের ভেতর থেকে সোনা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভ্যাকুয়াম ক্লিনার, ট্রলি ব্যাগ, জুসের প্যাকেটের পর এবার কলমের ভেতর থেকে সোনা উদ্ধার হয়েছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। কলমের ভেতরে করে সোনা পাচারের চেষ্টার ঘটনায় গতকাল শুক্রবার আটক করা হয়েছে মালয়েশিয়া থেকে আসা ফায়সাল আহমেদ নামের এক যাত্রীকে।
ফায়সালের কাছ থেকে ৫২০ গ্রাম সোনা উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। অধিদপ্তর জানায়, ফায়সাল সোনা গলিয়ে সিস তৈরি করে তা কলমে ঢোকান। এ ছাড়া হাতঘড়ির পেছনের অংশে এবং এগজস্ট ফ্যানের মোটরে সোনার চাকা তৈরি করে এনেছিলেন। এগুলো থেকে উদ্ধার করা সোনার দাম প্রায় ২৫ লাখ টাকা।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে মালয়েশিয়ান এয়ারলাইনসে করে কুয়ালালামপুর থেকে ঢাকায় আসেন ফায়সাল। বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তাঁর সঙ্গে থাকা মালামাল তল্লাশি করে সোনা পাওয়া যায়। তিনি সম্ভবত আরও সোনা এনেছিলেন, যা ধরা পড়ার আগেই অন্য কারও কাছে তুলে দিয়েছেন। চলতি বছর এ পর্যন্ত ২৪ বার মালয়েশিয়া গেছেন তিনি। বায়তুল মোকাররম বিপণিবিতানে তাঁর ভগ্নিপতির স্বর্ণালংকারের দোকান আছে। ফায়সালের বাড়ি মুন্সিগঞ্জে।
অধিদপ্তর জানায়, ফায়সালের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা হয়েছে।