এবার কিশোরকে পিটিয়ে মারলেন ছাত্রলীগ নেতারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর হাজারীবাগের গণকটুলীতে পিটিয়ে হত্যা করা কিশোর রাজা মিয়ার স্বজনদের আহাজারি। গতকাল বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তোলা ছবি l প্রথম আলো
রাজধানীর হাজারীবাগের গণকটুলীতে পিটিয়ে হত্যা করা কিশোর রাজা মিয়ার স্বজনদের আহাজারি। গতকাল বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তোলা ছবি l প্রথম আলো

‘বাবা রে, মইরা গেলাম গো’—মারের চোটে ১৬ বছরের রাজা মিয়ার এ চিৎকার শুনেছিলেন অনেকেই। তবে এগিয়ে আসেননি কেউই।
মারধরকারীরা বারবারই রাজাকে জিজ্ঞেস করছিলেন, ‘ক, ক তুই নিছস ক। তুই চুরি করছস, ক।’ একপর্যায়ে রাজা মিয়া স্বীকার করে, ‘হ, হ আমি করছি, আর করুম না। আমারে আর মাইরেন না।’
সিলেটের শিশু রাজন, খুলনার শিশু রকিব ও বরগুনার শিশু রবিউল আউয়াল হত্যার রেশ এখনো কাটেনি। এর মধ্যেই গতকাল সোমবার রাজধানীর হাজারীবাগের গণকটুলীতে রাজা মিয়া নামের এক কিশোরকে পিটিয়ে হত্যা করা হলো, যাকে এলাকাবাসী ‘পাগলা পোলা’ হিসেবেই চেনেন। যে নির্মাণাধীন ভবনে নিয়ে বেঁধে মারপিট করে রাজাকে হত্যা করা হয়, সেটির নিরাপত্তাকর্মী তৌহিদ মিয়াসহ আশপাশের অনেকেই রাজার কান্না-চিৎকার আর মারধরকারীদের ক্রুদ্ধ প্রশ্নের হল্লা শুনতে পেয়েছিলেন। তবে শেষ পর্যন্ত নিবৃত্ত করতে এগিয়ে আসেননি কেউই।
এলাকাবাসী ও স্বজনদের অভিযোগ, মুঠোফোন ও ল্যাপটপ চুরির অভিযোগে পাগলাটে স্বভাবের ওই কিশোরকে পিটিয়ে হত্যা করেছেন হাজারীবাগ থানা ছাত্রলীগের সভাপতি আরজু মিয়া ও তাঁর সহযোগীরা। হাজারীবাগ থানা-পুলিশ মনির, সুজন ও সাগর নামে আরজুর তিন সহযোগীকে গ্রেপ্তার করেছে। হত্যার অভিযোগে আরজুকেও অন্য একটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটক করেছে বলে স্থানীয় লোকজন জানালেও সেই বাহিনীটি রাত পর্যন্ত স্বীকার করেনি।
স্বজনেরা জানান, রাজার বাবা বাবুল মিয়া নিরাপত্তারক্ষীর কাজ করেন। তিন বোন ও দুই ভাইয়ের মধ্যে রাজা সবার ছোট। প্রতিবেশীরা জানিয়েছেন, দুই বছর আগে মায়ের মৃত্যুর পর থেকেই রাজার পাগলাটে আচরণ শুরু হয়। এরপর থেকেই সে আর কিছু করত না। ঘুরেফিরে বেড়াত। ঠিকমতো খেত না বলে শরীর ছিল একেবারে হাড্ডিসার। পুলিশ জানিয়েছে, রাজার পাতলা শরীরে অসংখ্য মারের চিহ্ন রয়েছে। বাঁ ও ডান হাত ছোলা জখম, কপালের বাঁ পাশে এক আঙুল পরিমাণ গভীর গর্ত রয়েছে। তার শরীর ভরা নীলা-ফুলা জখম।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রাজা মিয়ার ফুফু রত্না আক্তার ওরফে হাওয়া বলেন, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে ছাত্রলীগ নেতা আরজু নিজেই রাজাকে বাসা থেকে ডেকে নিয়ে যান। কেন তাকে নিয়ে যাওয়া হচ্ছে জানতে চাইলে আরজু বলেন, তাঁর মুঠোফোন চুরি হয়েছে, তিনি রাজাকে সন্দেহ করেন। পরে রাজার ফুফুসহ কয়েকজন আত্মীয় গিয়ে দেখেন, রাজাকে মারপিট করা হচ্ছে। পরে বিকেলে একটি ভ্যানগাড়িতে করে তাঁরাই রাজার নিথর দেহ বাড়িতে দিয়ে যান।
যে বাড়িতে তাকে নিয়ে মারধর করা হয়, সেই বাড়িটির নিরাপত্তারক্ষী তৌহিদ মিয়া প্রথম আলোকে বলেন, গতকাল বেলা ১১টার দিকে আরজু মিয়া, সাগরসহ ১৫ থেকে ২০ জন রাজাকে বেঁধে নিয়ে আসেন। এরপর নির্মাণাধীন ভবনটির পেছনে সীমানা দেয়ালের ওপরে বের হয়ে থাকা রডের মাথার সঙ্গে ছেলেটিকে বেঁধে পেটাতে শুরু করেন তাঁরা। প্রায় এক ঘণ্টা পরে মারের চোটে রাজা চুরির কথা স্বীকারও করে। এরপর তাঁরা নির্মাণাধীন ভবনটির নিচে রাখা একটি ভ্যানগাড়িতে করে রাজাকে নিয়ে চুরি যাওয়া জিনিস খুঁজতে বের হন। চানখাঁরপুল এলাকায় বিভিন্ন ভাঙারির দোকানে খুঁজে ফিরে মোবাইল না পেয়ে তাঁরা আবারও ওই ভবনে নিয়ে যান রাজাকে। এবার ভবনের নিচতলায় হাত-পা না বেঁধেই রাজাকে মারতে শুরু করেন তাঁরা। সকালে মারের চোটে ছেলেটি অনেক চিৎকার করলেও দ্বিতীয় দফা মারের সময় তার চিৎকার তেমন শোনা যায়নি। সাগর একটি মোটা রুল নিয়ে বেশি মারছিলেন।
তৌহিদ মিয়া বলেন, আরজু মিয়াসহ ওই যুবকেরা প্রায়ই ওই নির্মাণাধীন ভবনে আড্ডা জমান। তাঁদের বাধা দিলে উল্টো হুমকি দেন তাঁরা। তৌহিদ মিয়ার দাবি, গতকালও রাজাকে না মারার জন্য তিনি তাঁদের হাতে-পায়ে ধরেছেন। কিন্তু তাঁদের থামানো যায়নি।
প্রতিবেশীরা জানান, আরজু ও তাঁর দলবলের অত্যাচারে অতিষ্ঠ সেই এলাকার মানুষ। ওই নির্মাণাধীন ভবনে প্রায় প্রতিদিনই মাদকের আড্ডা বসত। বিভিন্ন অজুহাতে চাঁদা আদায় করা হতো স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে। বাড়ির নির্মাণকাজে কেউ হাত দিলে আগে আরজু বাহিনীকে সন্তুষ্ট করতে হতো। ভয়ে এত দিন কেউ কিছু বলেননি। রাজাকে মারার সময়ও আশপাশের লোকজন গ্রিলের ফাঁক দিয়ে উঁকি দিলেও কেউই ছেলেটিকে বাঁচাতে এগিয়ে আসেননি।
তবে নিখোঁজ হওয়ার আগে অভিযুক্ত আরজু মিয়ার সঙ্গে কথা হয় প্রথম আলোর। আরজু বলেন, তিনি রাজা মিয়াকে মারধর করেননি। বরং তাঁকে কাঠ দিয়ে পিটিয়েছে রাজা মিয়ারই খালাতো ভাই শামীম। মারতে মারতে কাঠও ভেঙে যায় বলে জানান আরজু মিয়া। তিনি বলেন, গতকাল সোমবার ভোর চারটার দিকে তাঁর হাজারীবাগের গণকটুলীর বাসা থেকে একটি ল্যাপটপ ও চারটি মুঠোফোন চুরি হয়। তিনি রাজা মিয়াকে সন্দেহ করেন। আরজুর দাবি, রাজা মিয়া মাদকসেবী।
আরজু আরও দাবি করেন, সকালেই তিনি চুরির বিষয়ে হাজারীবাগ থানায় জিডি করেন। তবে হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মঈনুল ইসলাম বলেন, এ রকম বিষয় তাঁর জানা নেই। জিডি করার পর পুলিশের হাতে সোপর্দ না করে মারধরের কারণ সম্পর্কে আরজু মিয়া বলেন, ‘এটা আসলে দুঃখজনক। কিন্তু আমি তো মারি নাই।’
তবে হাজারীবাগ থানার পুলিশ জানিয়েছে, আরজু ও তাঁর সহযোগীদেরই দায়ী করেছেন নিহত রাজা মিয়ার স্বজন ও স্থানীয় লোকজন। স্বজনদের থানায় এসে অভিযোগ দিতে বলা হয়েছে। এদিকে ঘটনাস্থলে গিয়ে গণকটুলী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের বসে থাকতে দেখা গেছে। হাজারীবাগ থানা ও পুলিশের রমনা বিভাগের দুজন কর্মকর্তা বলেন, ওই নেতারা সেখানে বসে অভিযুক্ত ব্যক্তিদের কাউকে না ধরার জন্য পুলিশের ওপর চাপ তৈরি করছেন।
তবে হাজারীবাগ থানার ওসি কাজী মাঈনুল বলেন, পুলিশের কাজ পুলিশ করছে। স্থানীয় লোকজনের অভিযোগের ভিত্তিতে তিনজনকে আটক করা হয়েছে।