এবার কুষ্টিয়ায় সেবায়েতকে হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুঠোফোনে প্রাণনাশের হুমকি পেয়েছেন বলে অভিযোগ করেছেন কুষ্টিয়ার একটি মন্দিরের সেবায়েত নবকুমার ঘোষ। শহরের থানাপাড়ায় শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ মন্দির সেবাশ্রমের সেবায়েত তিনি। গত বৃহস্পতিবার দুপুরে মুঠোফোনে তাঁকে হুমকি দেওয়া হয় বলে তিনি অভিযোগ করেছেন।
নবকুমার ঘোষ সাংবাদিকদের বলেন, বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে তাঁর মুঠোফোনে একটি ফোন আসে। ফোনটি ধরার পর তাঁকে বলা হয়, ‘আমরা তোকে খুঁজছি, তোকে দরকার, তোকে দেখে নেব। সন্ধ্যার পর তোর সাথে দেখা হবে।’
তাৎক্ষণিক বিষয়টি মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ কুমার ঘোষকে জানান নবকুমার ঘোষ। এ ব্যাপারে প্রদীপ কুমার ঘোষ বলেন, ‘সেবায়েতকে হুমকি দেওয়া হয়েছে বলে শুনেছি। মন্দির কর্তৃপক্ষ এবং পুলিশ ও র্যাবকে ঘটনাটি জানানো হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী সেবায়েতের নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিয়েছে।’
কুষ্টিয়ার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন চৌধুরী বলেন, মুঠোফোনে হুমকির ব্যাপারে সেবায়েত পুলিশকে জানিয়েছেন। যে নম্বর থেকে তাঁকে ফোন করা হয়েছে, সেটি খতিয়ে দেখা হচ্ছে। ওই নম্বরে ফোনও করা হয়েছে। নম্বরটি খোলা রয়েছে। তবে যিনি ফোন ধরেছেন, তিনি সেবায়েতকে ফোন করার কথা অস্বীকার করেছেন।
ওসি আরও বলেন, ‘থানায় এ ব্যাপারে কোনো সাধারণ ডায়েরি (জিডি) হয়নি। তবে সেবায়েতকে নিরাপত্তা দিতে মন্দির এলাকায় পুলিশ টহল রাখা হয়েছে।’
এর আগে গত ১০ জুন ভোরে পাবনার হিমাইতপুরে শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গের সেবায়েত নিত্যরঞ্জন পান্ডেকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।