এবার ক্লিনিকে গিয়ে তর্কে জড়ালেন সেই চিকিৎসক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার ক্লিনিকে গিয়ে অসুস্থ শিশুটির স্বজনদের সঙ্গে সেই চিকিৎসক তর্কে জড়িয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার রাতে তিনি ক্লিনিকে যান।
ডায়রিয়ায় আক্রান্ত ছয় মাসের শিশুকে গত বৃহস্পতিবার রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করেন বাঘা উপজেলার বাউসা গ্রামের এক মা। শনিবার ওই মায়ের সঙ্গে দুর্ব্যবহার করেন চিকিৎসক আসগার হোসেন। একপর্যায়ে শিশুর শয্যার ব্যবস্থাপত্র ছুড়ে ফেলে দেন তিনি। এ ঘটনার পর হাসপাতাল ছেড়ে নগরের লক্ষ্মীপুরে একটি বেসরকারি ক্লিনিকে শিশুটিকে ভর্তি করান মা।
শিশুটির স্বজনেরা অভিযোগ করেছেন, রামেক হাসপাতালের চিকিৎসক আসগার হোসেন সোমবার রাত ১০টার দিকে ক্লিনিকে হাজির হন। সেখানে গিয়ে তিনি শিশুর মায়ের সঙ্গে তর্কে জড়ান। শিশুটির মা বলেন, ‘যদি জানতাম সেই ডাক্তার এখানেও আসেন তাহলে ভর্তি করাতাম না।’
কেন ক্লিনিকে ওই রোগীর কাছে গিয়েছিলেন জানতে চাইলে চিকিৎসক আসগার হোসেন বলেন, তিনি ওই ক্লিনিকে বসেন। সেখানেই শিশুটি চিকিৎসা নিচ্ছে জানতে পেরে তাদের সঙ্গে দেখা করেছেন।
চিকিৎসকের ভাষ্যমতে, তিনি শুধু জানতে চেয়েছেন—‘তিনি কি খুব খারাপ ব্যবহার করেছিলেন।’ কিন্তু শিশুর স্বজনেরা তাঁর কথায় রিঅ্যাক্ট (প্রতিক্রিয়া) করলে বের হয়ে যান।
এ বিষয়ে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসির উদ্দিন বলেন, তিনি (আসগার) একজন জ্যেষ্ঠ চিকিৎসক। ভালো মানুষ। তিনি হয়তো স্বাভাবিকভাবেই জানতে গিয়েছিলেন। তার পরও বিষয়টি খতিয়ে দেখা হবে। পরিচালক বলেন, রোগীর স্বজনের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগের বিষয়টিও তিনি খতিয়ে দেখছেন।
শিশুটি আগের চেয়ে সুস্থবোধ করায় গতকাল মঙ্গলবার তারা ক্লিনিক ছেড়ে গেছেন।
গত সোমবার প্রথম আলোর ‘রোগীর সঙ্গে দুর্ব্যবহার’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।