এবার খাদ্যগুদামের ২৪ টন চাল গায়েব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার সরকারি খাদ্যগুদাম থেকে ২৪ টন চাল গায়েব হয়েছে। এ ঘটনায় গতকাল বুধবার সকালে করিমগঞ্জ থানায় মামলা হয়েছে। মামলায় গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আহম্মদকে অভিযুক্ত করা হয়েছে।
তিন সপ্তাহ আগে কিশোরগঞ্জের ভৈরবে বিএডিসির গুদাম থেকে ৯২ হাজার বস্তা সার গায়েব হয়।
কিশোরগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, ১০ দিন আগে সৈয়দ আহম্মদকে করিমগঞ্জ খাদ্যগুদাম থেকে অন্যত্র বদলি করা হয়। বদলির আদেশ পেয়েও তিনি নতুন কর্মস্থলে যোগ দেননি। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছেও দায়িত্ব বুঝিয়ে দেননি। এ অবস্থায় জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের পক্ষ থেকে দায়িত্ব হস্তান্তরের জন্য কমিটি করা হয়। এরই মধ্যে নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা শংকর লাল সাহা করিমগঞ্জ খাদ্যগুদামে যোগদান করেন। দায়িত্ব বুঝে না পেয়ে গত মঙ্গলবার তিনি গুদাম পরিদর্শনে যান। তাঁর উপস্থিতিতে মজুত যাচাই করার পর ২৪ টন চাল কম পাওয়া যায়। হিসাবে গরমিল থাকার খবর পেয়ে জেলা খাদ্য নিয়ন্ত্রক করিমগঞ্জ থানার পুলিশকে বিষয়টি অবহিত করেন। পরে করিমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবুল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল গুদামে যায়। এ সময় পুলিশ সৈয়দ আহম্মদকে আটক করে। আটকের কিছু সময় পর গুদাম থেকেই ওই কর্মকর্তা কৌশলে পালিয়ে যান।
জেলা খাদ্য নিয়ন্ত্রক তপন কুমার দাস বলেন, ‘চাল গায়েবের ঘটনাটি নিশ্চিত হওয়ার পর সৈয়দ আহম্মদকে পুলিশ হেফাজতে রাখার অনুরোধ করেছিলাম। পুলিশ তাদের হেফাজতে রেখেছিল। পরে কীভাবে ওই কর্মকর্তা পালিয়ে গেলেন বুঝতে পারছি না।’ তবে খাদ্যগুদামের কয়েকজন কর্মকর্তা ও কর্মচারীর অভিযোগ, পুলিশ সৈয়দ আহম্মদকে পালিয়ে যেতে সহযোগিতা করেছে। করিমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবুল হোসেন জানান, এ ঘটনায় খাদ্যগুদামের সহকারী উপপরিদর্শক (এসআই) এ বি ওয়াহেদ বাদী হয়ে মামলা করেছেন। তবে গুদামের ওই কর্মকর্তাকে পালিয়ে যেতে সহযোগিতার অভিযোগ অস্বীকার করেছেন তিনি।