এবার গাইবান্ধায় যমুনার চরে জঙ্গিবিরোধী অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার সাঘাটা উপজেলায় যমুনা নদীর দুর্গম চর দীঘলকান্দি, সিটিগাড়ামারা ও বিজলকান্দি গ্রামে রাতভর জঙ্গিবিরোধী অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। গত সোমবার দিবাগত রাত একটা থেকে গতকাল মঙ্গলবার বেলা ১১টা পর্যন্ত এই অভিযান চালানো হয়।

গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহমেদের নেতৃত্বে র‌্যাব ও পুলিশের ১২০ সদস্য এই অভিযানে অংশ নেন। এ সময় দুটি রামদা উদ্ধার করা হয়।

পুলিশ সুপার মো. আশরাফুল ইসলাম গতকাল প্রথম আলোকে বলেন, অভিযানে কাউকে গ্রেপ্তার করা যায়নি। তবে দীর্ঘ সময় চরাঞ্চলে জঙ্গিবিরোধী অভিযানের কারণে এলাকায় জনসচেতনতা তৈরি হয়েছে।

গত সোমবার বগুড়ার সারিয়কান্দির যমুনার চরে অভিযান চালিয়ে তিনটি চাপাতি, তিনটি চাকু ও নয়টি জিহাদি বই উদ্ধার করে যৌথ বাহিনী।

সাঘাটা থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, চরাঞ্চলে জঙ্গিরা আত্মগোপন করে থাকতে পারে—এমন খবরে এলাকাগুলোতে যৌথ অভিযান চালানো হয়। কিন্তু অভিযানে জঙ্গিদের কোনো আস্তানার সন্ধান পাওয়া যায়নি। তবে হলদিয়া ইউনিয়নের সিটিগাড়ামারা চর থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি রামদা উদ্ধার করা হয়েছে।