এবার গাছ কেটে নিচ্ছেন আওয়ামী লীগ নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের গৌরনদী উপজেলায় সড়কের পাশ থেকে প্রভাবশালী ব্যক্তিরা গাছ কেটে নিলেও প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ উঠেছে। ফলে সেখানে গাছ লুট থামছেই না। এবার উপজেলার বাগধা ইউনিয়নে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধ থেকে আওয়ামী লীগের এক নেতা গাছ কেটে নিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
পাউবোর বরিশাল কার্যালয় সূত্রে জানা গেছে, বেড়িবাঁধে সামাজিক বনায়ন প্রকল্পের অধীন ১৯৯৩ সালে আগৈলঝাড়ায় বাগধা ইউনিয়নের নাগিরপাড় থেকে সোমাইরপাড় পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার সড়কে দেড় হাজার গাছ লাগায় বেসরকারি সংস্থা প্রশিকা। প্রশিকার স্থানীয় এক কর্মকর্তা বলেন, বনায়নের ৪০ শতাংশ পাউবো, ২০ শতাংশ প্রশিকা ও ৪০ শতাংশ প্রশিকাভুক্ত সমিতির সদস্যরা সুবিধাভোগী।
গত ২৪ অক্টোবর সরেজমিনে দেখা যায়, বেড়িবাঁধসংলগ্ন ফারুক বক্তিয়ারের বাড়ির কাছে গাছ কাটছেন চার-পাঁচজন শ্রমিক। তাঁদের মধ্যে সর্দার হিসেবে রয়েছেন বাগধা ইউনিয়নের চাত্রিশিরা গ্রামের আল আমিন (৩২)। সড়কের পাশ থেকে গাছ কেন কাটছেন, জানতে চাইলে তিনি বলেন, ‘মোরা দিনমজুর। গাছ কাটার ক্ষমতা কি মোগো আছে? ফারুক বক্তিয়ার মোগো গাছ দেখাইয়া দিয়া কাটতে কইছে। মোরা গাছ কাটতাছি।’
কয়েকজন স্থানীয় বাসিন্দা অভিযোগ করেন, গত কয়েক দিনে নাগিরপাড় থেকে সোমাইরপাড় পর্যন্ত বেড়িবাঁধের বড় পাঁচ-ছয়টি গাছ কেটে নিয়েছেন বাগধা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এ আর ফারুক বক্তিয়ার। তিনি ক্ষমতার দাপট দেখিয়ে একের পর গাছ কেটে নিচ্ছেন। কেউ এর প্রতিবাদ করলে তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হয়। ফলে ভয়ে কেউ মুখ খুলতে চান না।
নাগিরপাড় গ্রামের সুবিধাভোগী শশীভূষণ (৪৫) ও সুমেন বাড়ৈ (২৮) বলেন, ‘সড়কের গাছ কেটে নেওয়ার বিষয়ে বন বিভাগসহ বিভিন্ন কর্তৃপক্ষের কাছে একাধিকবার লিখিত অভিযোগ দিয়েছি। কিন্তু কোনো ব্যবস্থা না নেওয়ায় গাছ কাটা চলছেই।’
এসব অভিযোগ অস্বীকার করে ফারুক বক্তিয়ার বলেন, ‘গাছ কাটার সঙ্গে আমি জড়িত নই। হয়তো গাছ কাটায় জড়িতরা নিজেকে রক্ষায় আমার নাম ব্যবহার করেছে।’
আগৈলঝাড়া উপজেলা বন কর্মকর্তা প্রদীপ চন্দ্র মণ্ডলের কাছে এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের কাছে কেউ অভিযোগ করেনি, লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’
প্রশিকার বিভাগীয় সমন্বয়কারী মো. শামীম আহম্মেদ বলেন, কিছুদিন আগে আওয়ামী লীগেরই আরেক নেতা প্রায় লক্ষাধিক টাকার গাছ লুট করে নিয়ে গিয়েছিলেন। ওই ঘটনায় মামলা করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাজী তারিক সালমন বলেন, কিছু ব্যত্যয় ঘটিয়ে সড়কের পাশের গাছ কাটা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে উপজেলার দুটি সড়কের পাশ থেকে ১ হাজার ৮০০ গাছ প্রভাবশালী ব্যক্তিরা কেটে নিয়েছেন। মাহিলাড়া ইউনিয়নের মাহিলাড়া ডিগ্রি কলেজের পশ্চিম পাশ থেকে দত্তেরাবাদ ডিএইচবি হাট পর্যন্ত প্রায় তিন কিলোমিটার সড়কের পাশ থেকে ৮০০ গাছ লুট হয়েছে। এ বিষয়ে ২২ অক্টোবর প্রথম আলোয় ‘সামাজিক বনায়নের ৮০০ গাছ লুট’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। একই ইউনিয়নের বিল্লগ্রাম হাট ব্রিজের গোড়া থেকে জঙ্গলপট্টি মাদ্রাসা পর্যন্ত সড়কের পাশে করা সামাজিক বনায়নের সহস্রাধিক গাছ ৭ থেকে ১৩ অক্টোবরের মধ্যে নির্বিচারে কাটা হয়। এ বিষয়েও ১৬ অক্টোবর প্রথম আলোয় সচিত্র প্রতিবেদন ছাপা হয়।