এবার গাড়িচাপা দিয়ে মারার হুমকি বখাটেদের
রাজধানীর মিরপুর থানার শেওড়াপাড়ায় চাচাতো বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় পা ভেঙে দেওয়া সেই ছাত্রের মাকে এবার মামলা তুলে নিতে প্রাণনাশের হুমকি দিয়েছে বখাটেরা। মামলা তুলে না নেওয়া হলে সপরিবারে তাদের গাড়ি চাপা দিয়ে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে।
এ বিষয়ে আজ বৃহস্পতিবার রাতে ওই ছাত্রের মা মিরপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
রাতে মিরপুর থানার কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) অজিত কুমার রায় থানায় জিডি হওয়ার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।
আহত ছাত্রের মা জিডিতে বলেছেন, গতকাল বুধবার সকালে বখাটে ফাহিমের সহযোগী শাহাদাত হোসেন, সিয়াম, তোতা মিয়ার তার (ছাত্রের) পথরোধ করে। এ সময় তারা ফাহিমের বিরুদ্ধে মামলা তুলে নিতে তাকে হুমকি দেন। তারা বলেন, মামলা তুলে না নেওয়া হলে (ছাত্রের মা) স্বামী, সন্তানসহ তাকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলা হবে বলেও হুমকি দেওয়া হয়। এ ছাড়া বখাটেরা বড় ধরনের ক্ষতি করারও হুমকি দেয়। এর আগে গত বুধবার বখাটেদের হামলা ও হুমকির মুখে তিনি শেরেবাংলা নগর থানায় একটি জিডি করেছিলেন।
ছাত্রটির মা বলেন, অব্যাহত হুমকির মুখে তিনি সপরিবারে নিরাপত্তাহীনতায় ভুগছেন। কিন্তু পুলিশ বখাটেদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না।
উত্তরার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ওই ছাত্র গত মঙ্গলবার পশ্চিম শেওড়াপাড়ার শামীম সরণিতে তাঁর চাচাতো বোনকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে ফাহিমের নেতৃত্বে তিন বখাটে রড দিয়ে পিটিয়ে তাঁর ডান পায়ের দু জায়গায় ভেঙে ফেলেন। এ ঘটনায় ফাহিমসহ তিনজনের বিরুদ্ধে মামলা করা হয়। ফাহিম একটি ধর্ষণ মামলার আসামি সিয়ামের মামা।
এদিকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের ওই ছাত্রকে পা ভেঙে দেওয়ার সাত দিন পরও দুই বখাটেকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। জানতে চাইলে বৃহস্পতিবার রাতে মামলার তদন্তকারী কর্মকর্তা মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) নুরুজ্জামান প্রথম আলোকে বলেন, ঘটনার পর দুই বখাটে পালিয়ে গেছেন। তাদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। বখাটের সহযোগীদের মামলা তুলে নেওয়ার হুমকির বিষয়ে তদন্তকারী কর্মকর্তা বলেন, জিডি হওয়ার বিষয়ে তিনি জানেন না। জিডির বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে বখাটেদের হামলার পা ভেঙে যাওয়া বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রটি বৃহস্পতিবার প্রথম বর্ষের পরীক্ষায় অংশ নিতে পারেননি। তার মা জানান, পরীক্ষায় অংশ নিতে না পেরে ছেলে মানসিক ভেঙে পড়েছেন।