এবার গাড়িচাপা দিয়ে মারার হুমকি বখাটেদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরপুর থানার শেওড়াপাড়ায় চাচাতো বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় পা ভেঙে দেওয়া সেই ছাত্রের মাকে এবার মামলা তুলে নিতে প্রাণনাশের হুমকি দিয়েছে বখাটেরা। মামলা তুলে না নেওয়া হলে সপরিবার গাড়িচাপা দিয়ে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে ওই ছাত্রের মা মিরপুর থানায় এ বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
রাতে মিরপুর থানার কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) অজিত কুমার রায় থানায় জিডি হওয়ার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।
জিডিতে বলা হয়, গত বুধবার সকালে বখাটে ফাহিমের সহযোগী শাহাদাত হোসেন, সিয়াম, তোতা মিয়া তাঁর (ছাত্রের মা) পথ রোধ করে। এ সময় তারা ফাহিমের বিরুদ্ধে মামলা তুলে নিতে তাঁকে হুমকি দেয়। তারা বলে, মামলা তুলে না নেওয়া হলে স্বামী-সন্তানসহ তাঁকে গাড়িচাপা দিয়ে মেরে ফলা হবে। এর আগে গত বুধবার বখাটেদের হামলা ও হুমকির মুখে তিনি শেরেবাংলা নগর থানায় একটি জিডি করেছিলেন।
উত্তরার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ওই ছাত্র গত মঙ্গলবার পশ্চিম শেওড়াপাড়ার শামীম সরণিতে তাঁর চাচাতো বোনকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করলে ফাহিমের নেতৃত্বে তিন বখাটে রড দিয়ে পিটিয়ে তাঁর ডান পায়ের দুটি স্থান ভেঙে ফেলে। এ ঘটনায় ফাহিমসহ তিনজনের বিরুদ্ধে মামলা করা হয়। ফাহিম একটি ধর্ষণ মামলার আসামি সিয়ামের মামা।
জানতে চাইলে গতকাল রাতে মামলার তদন্তকারী কর্মকর্তা মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) নুরুজ্জামান প্রথম আলোকে বলেন, ঘটনার পর দুই বখাটে পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। বখাটের সহযোগীদের মামলা তুলে নেওয়ার হুমকির বিষয়ে তদন্তকারী কর্মকর্তা বলেন, জিডি হওয়ার বিষয়ে তিনি জানেন না। জিডির বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আহত ছাত্র গতকাল প্রথম বর্ষের পরীক্ষায় অংশ নিতে পারেননি। তাঁর মা বলেন, ‘পরীক্ষায় অংশ নিতে না পেরে ছেলে মানসিকভাবে ভেঙে পড়েছে।’