এবার গ্রামেও অজ্ঞান পার্টি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শহরের গণ্ডি ছাড়িয়ে এবার গ্রামেও ছড়িয়ে পড়েছে প্রতারক চক্র। এ চক্রে যোগ হয়েছে নারী প্রতারক সদস্য। নাটোরের গুরুদাসপুর উপজেলার পল্লিতে এক গৃহবধূকে স্প্রে করে এক লাখ টাকা হাতিয়ে নিয়েছে ওই চক্র। এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে গ্রামে।

গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট ইউনিয়নের চলনবিল অধ্যুষিত বিল হরিবাড়ি গ্রামে পারুল পারভিন (২২) নামে এক গৃহবধূ এমন এক নারী প্রতারকের কবলে পড়ে সর্বস্বান্ত হয়েছেন। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ওই ঘটনা ঘটে। পারুল ওই গ্রামের মনিরুল ইসলাম মোল্লার স্ত্রী।‍

পারুলের শ্বশুর সিদ্দিক মোল্লা জানান, বুধবার সকালে তাঁর ছেলে মনিরুলকে নিয়ে পাশের সিংড়া উপজেলার বিলদহর বাজারে যান। বাড়িতে পারুল একাই ছিল। এ সুযোগে বোরকা পরা এক নারী বাড়িতে আসেন। কোনো কিছু বুঝে ওঠার আগেই পারুলের নাকে স্প্রে করে সে। এরপর অজ্ঞান হয়ে যায় পারুল। ঘরে ঢুকে দাহ্য পদার্থ দিয়ে ট্যাংকের তালা ভেঙে এক লাখ টাকা নিয়ে চলে যায় ওই নারী। পরে প্রতিবেশী এক নারী তাঁদের বাড়িতে এসে ঘরের বারান্দায় অচেতন হয়ে পড়ে থাকতে দেখেন পারুলকে।

সিদ্দিক মোল্লা জানান, তিনি একজন গৃহস্থ কৃষক। রবিশস্য এবং ইরি-বোরো ধান রোপণের খরচ হিসেবে ঘরে এক লাখ টাকা রেখেছিলেন। আকস্মিকভাবে প্রতারক চক্রের সদস্য সেই টাকা হাতিয়ে নেওয়ায় অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। ঋণ করে আবাদ করা ছাড়া এখন আর তাঁর উপায় নেই। এ ঘটনায় থানায় মামলা করবেন বলে জানান তিনি।

স্থানীয় দুর্গাপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ওমর আলী বলেন, শহরের হাট-বাজার কিংবা বাস-ট্রাকে স্প্রে দিয়ে অচেতন করে প্রতারণার ঘটনা শুনেছি। কিন্তু গ্রামে ঢুকে প্রতারক চক্রের এ ধরনের কর্মকাণ্ড সহজ-সরল মানুষের জন্য ভীতির কারণ হয়ে দাঁড়িয়েছে।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস জানান, ওই ঘটনায় থানায় কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তবে গ্রামাঞ্চলে স্প্রে প্রতারক চক্রের টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা এটাই প্রথম। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।