সিলেট নগরে গতকাল বৃহস্পতিবার সকালে লাক্কাতুরা চা-বাগানের প্রায় ছয় লাখ টাকা ছিনতাই হয়েছে। খবর পেয়ে চা-শ্রমিকেরা লাঠিসোঁটা নিয়ে বিমানবন্দর সড়ক প্রায় দুই ঘণ্টা অবরোধ করে রাখেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
এর আগের দিন গত বুধবার দুটো ঘটনায় সাড়ে তিন লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে।
পুলিশ ও চা-বাগান কর্তৃপক্ষ জানায়, নগরের পূবালী ব্যাংকের স্টেডিয়াম শাখা থেকে গতকাল বেলা ১১টার দিকে ছয় লাখ টাকা তুলে জিপ গাড়িতে বাগানে ফিরছিলেন সৈয়দ মাহমুদ হাসান ও কর্মচারী দীপক পুরকায়স্থ নামের দুই কর্মকর্তা। ন্যাশনাল টি কোম্পানির অধীন লাক্কাতুরা চা-বাগানের শ্রমিকদের সাপ্তাহিক মজুরি দেওয়ার জন্য ওই টাকা তোলা হয়। তাঁরা মজুমদারি জামে মসজিদের সামনে পৌঁছার পর আটটি মোটরসাইকেলে একদল ছিনতাইকারী তাঁদের গাড়ির গতিরোধ করে। পরে জিপের গ্লাস ভাঙচুর করে ভেতরে থাকা ছয় লাখ টাকা ছিনিয়ে নিয়ে পীর মহল্লার দিকে পালিয়ে যায় ছিনতাইকারীরা। পালানোর সময় বাধা দিলে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে দীপক আহত হন।
চা-শ্রমিকদের মজুরির টাকা ছিনতাই হয়েছে—এ খবর পেয়ে বাগানে সাপ্তাহিক মজুরির জন্য অপেক্ষমাণ চা-শ্রমিকেরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। তাঁদের অনেকেই লাঠিসোঁটা নিয়ে চা-বাগানের সম্মুখে বিমানবন্দর সড়ক অবরোধ করে রাখেন। এতে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেট নগরে প্রবেশের একমাত্র সড়কটি সাড়ে ১১টা থেকে একটা পর্যন্ত অবরুদ্ধ ছিল।
মহানগর পুলিশের বিমানবন্দর থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছিনতাইকারীদের গ্রেপ্তারে পুলিশি তৎপরতা শুরুর কথা জানায়। পরে চা-শ্রমিকেরা অবরোধ প্রত্যাহার করে বাগানে ফেরেন।
লাক্কাতুরা চা-বাগানের সহকারী ব্যবস্থাপক জাফর চৌধুরী ছয় লাখ টাকা বাগানের শ্রমিকদের সাপ্তাহিক মজুরির টাকা ছিল বলে নিশ্চিত করেন। ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত একজনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনা সম্পর্কে তিনি বলেন, গত বুধবার মজুমদারি এলাকার বিমান বাংলাদেশ কার্যালয়ের সামনে একজন চুনাপাথর ব্যবসায়ীর লক্ষাধিক টাকা ছিনতাই হয়। ওই এলাকা অতিক্রম করে মসজিদের সামনে পৌঁছা মাত্র আটটি মোটরসাইকেলে ছিনতাইকারীরা চা-বাগানের গাড়ি গতিরোধ করে। চার-পাঁচ মিনিটের মধ্যে তারা টাকা নিয়ে পালিয়ে যায়।
বিমানবন্দর থানার ওসি মোহাম্মদ শাহ জামান জানান, লিখিত অভিযোগ পাওয়ার আগেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছিনতাইকারী শনাক্ত করার চেষ্টা শুরু করেছে।