এবার চাঁপাইনবাবগঞ্জে 'জঙ্গি আস্তানা'য় অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় সন্দেহজনক ‘জঙ্গি আস্তানায়’ গতকাল সন্ধ্যা থেকে শুরু হয় পুলিশের অভিযান ‘ইগল হান্ট’। বাড়িটি ঘিরে দিনভর তৎপর ছিল পুলিশ সদস্যরা l ফোকাস বাংলা
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় সন্দেহজনক ‘জঙ্গি আস্তানায়’ গতকাল সন্ধ্যা থেকে শুরু হয় পুলিশের অভিযান ‘ইগল হান্ট’। বাড়িটি ঘিরে দিনভর তৎপর ছিল পুলিশ সদস্যরা l ফোকাস বাংলা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে একটি বাড়িতে গতকাল বুধবার সন্ধ্যায় জঙ্গিবিরোধী অভিযান শুরু করেছে পুলিশের বিশেষায়িত দল ‘সোয়াট’। সেখান থেকে মুহুর্মুহু গুলি ও কয়েকটি বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। রাত নয়টার দিকে ‘ইগল হান্ট’ নামের এই অভিযান স্থগিত করা হয়। আজ বৃহস্পতিবার ভোরে আবার অভিযান চালানো হবে বলে জানা গেছে।

ভোর থেকে বাড়িটি ঘিরে রাখেন জেলা পুলিশ ও কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা। সাধারণ মানুষের নিরাপত্তার কথা বিবেচনা করে ভোর থেকে ঘটনাস্থলের আশপাশে ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত তা বজায় থাকবে বলে মাইকিং করে জানিয়ে দেওয়া হয়।

এদিকে রাজধানীর উত্তরা থেকে গতকাল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শেষ বর্ষের ছাত্র মুশফিকুর রহমান মার্টিন জেনি ওরফে মুশফিককে গ্রেপ্তার করেছে র‍্যাব। র‍্যাব বলেছে, তিনি সারোয়ার-তামিম গ্রুপের ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিশেষজ্ঞ।

শিবগঞ্জের ‘জঙ্গি আস্তানা’র বিষয়ে পুলিশ কর্মকর্তা ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলার মোবারকপুর ইউনিয়নের ত্রিমোহিনী শিবনগর গ্রামে ‘জঙ্গি আস্তানা’ হিসেবে যে বাড়িতে অভিযান চালানো হচ্ছে, সেটি সাইদুর রহমান ওরফে জেন্টু বিশ্বাসের। একটি আমবাগানে বাড়িটির অবস্থান। বাড়িটিতে একই গ্রামের বাসিন্দা আবু (৩০) স্ত্রী ও দুই সন্তান নিয়ে অবস্থান করছেন বলে জানা গেছে। তবে আবুর পরিবার ছাড়াও বাড়িতে আরও দুজন থাকতে পারেন বলে পুলিশের ধারণা।

ওই বাড়ির প্রায় আধা কিলোমিটার দূরেই আবুর নিজের বাড়ি। পরিবারের সঙ্গে বনিবনা না হওয়ায় গত ফেব্রুয়ারি থেকে তিনি এই বাড়িতে বসবাস করছেন বলে জানা গেছে। আবু ত্রিমোহিনী আলিয়া মাদ্রাসায় লেখাপড়া করেছেন। স্থানীয় ৮-১০ জনের সঙ্গে চলাফেরা করতেন তিনি। অন্যদের সঙ্গে তেমন মিশতেন না। তাঁরা আলাদাভাবে নামাজ পড়তেন। সূত্র বলেছে, তাঁর সঙ্গীদের মধ্যে মাহফুজুর রহমান ওরফে মোহন (২৮) ও আবদুস সালাম (৩৫) নামের দুজনকে গত মঙ্গলবার রাতে শিবনগর থেকে আটক করে পুলিশ। তবে তাঁদের আটক করার বিষয়ে পুলিশ কিছু বলেনি।

বিকেল পৌনে পাঁচটার দিকে ঘটনাস্থলে পৌঁছায় সোয়াট। এরপর পুলিশ আবুর মা ফুলসানা বেগম, চাচি চামেলি বেগম, ছোট ভাইয়ের স্ত্রী রুনা বেগমকে ওই বাড়ির দরজার সামনে নিয়ে যায়। এ সময় মাইকে তাঁরা আবুকে বাড়ির বাইরে বের হয়ে আসার জন্য বেশ কয়েকবার আহ্বান জানান। কিন্তু ভেতর থেকে কোনো সাড়া মেলেনি। এরপরই অভিযান শুরু করে সোয়াট।

জেলা পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, অভিযান শুরুর পর ওই বাড়ির ভেতরে দুটি বিস্ফোরণ ঘটিয়েছেন বাড়িতে থাকা ব্যক্তিরা। এ অভিযানের নাম ‘ইগল হান্ট’। বাড়ির দেয়াল ভেঙে অভিযান শুরু হয়েছে।

বাড়ির মালিক সাইদুরের ছেলে আনারুল ইসলাম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, তাঁদের বাড়িটি ফাঁকা পড়ে ছিল। গত ফেব্রুয়ারিতে পরিবার নিয়ে বাড়িটিতে ওঠেন আবু। এলাকার ছেলে হিসেবে আবুকে বাড়িটি ভাড়া দেন তাঁরা। ভাড়ার বিষয়ে তাঁর সঙ্গে কোনো চুক্তি হয়নি।

বেলা একটার দিকে আবুর নিজ বাড়িতে গিয়ে কথা হয় তাঁর মা ফুলসানা বেগমের সঙ্গে। পুলিশের ঘিরে রাখা বাড়িতে স্ত্রী-সন্তানসহ আবুর অবস্থানের খবর পেয়ে অসুস্থ হয়ে বিছানায় শুয়ে ছিলেন। তিনি বলেন, আবুর বাবা আফসার আলী বরেন্দ্র অঞ্চলে মজুর হিসেবে ধান কাটতে গেছেন।

ফুলসানা বেগম বলেন, প্রায় আট বছর আগে সুমাইয়ার সঙ্গে আবুর বিয়ে হয়। বিয়ের কয়েক মাস পর থেকে তিনি শিবগঞ্জের আব্বাস বাজার এলাকায় শ্বশুর রুহুল আমিনের বাড়িতে গিয়ে থাকতেন। সেখানে তিনি আলাদা ধর্মীয় রীতিনীতি গ্রহণ করেন। শ্বশুরবাড়িতে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদ্‌যাপন করতেন। মা-বাবার সঙ্গে আবুর স্ত্রীর বনিবনা হতো না এবং আবুর চলাফেরা ও ধর্মীয় রীতিনীতি পালন নিয়ে বাবার সঙ্গে বিরোধ ছিল। আবু হাটবাজারে মসলা বিক্রি করতেন। ত্রিমোহিনী বাজারে তাঁর একটা দোকান আছে।

ফুলসানা বেগমের ভাষ্য, আবু একপর্যায়ে নিজের বাড়িতে ফিরে আসেন। কিন্তু বাবার সঙ্গে আবার বিরোধ দেখা দেওয়ায় পর সাইদুরের বাড়িতে ওঠেন।

স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, সকালে পুলিশ ওই বাড়ি ঘিরে ফেলার আগে আব্বাস বাজার এলাকার তিনটি বাড়ি ঘেরাও করে অভিযান চালায়। তবে সেখানে কাউকে গ্রেপ্তার করা হয়েছে কি না, সে বিষয়ে পুলিশ কিছু জানায়নি।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম বলেন, বাড়িটি ঘেরাও করার পর ভেতর থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এরপরই পুলিশ বাড়িটি ঘিরে সতর্ক অবস্থান নেয়।

সম্প্রতি চট্টগ্রামের সীতাকুণ্ড এবং সিলেট ও মৌলভীবাজারের কয়েকটি বাড়িতে জঙ্গিবিরোধী অভিযানের পর পুলিশ গত শুক্র ও শনিবার ঝিনাইদহের একটি বাড়িতে অভিযান চালায়। সেখান থেকে ‘বিপুল পরিমাণ বিস্ফোরক ও বোমা তৈরির সরঞ্জাম’ উদ্ধার করে তারা। মঙ্গলবার দিনভর রাজশাহীর একটি এলাকায় কয়েকটি বাড়ি ঘিরে ‘ব্লক রেইড’ চলে। তবে সেখানে জঙ্গি আস্তানার খোঁজ পায়নি পুলিশ।

ঢাকায় সারোয়ার-তামিম গ্রুপের সদস্য গ্রেপ্তার

গতকাল দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে র‍্যাব-১০-এর পরিচালক মো. জাহাঙ্গীর হোসেন মাতুব্বর বলেন, উত্তরায় অভিযান চালিয়ে সকালে সারোয়ার-তামিম গ্রুপের সদস্য মুশফিককে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে বিপুল পরিমাণ আইইডি ও অন্য ইলেকট্রনিক সরঞ্জামাদি উদ্ধার করা হয়। তিনি সারোয়ার-তামিম গ্রুপের আইইডি বিশেষজ্ঞ।

মো. জাহাঙ্গীর হোসেন বলেন, গত ২০ মার্চ র‍্যাব-১০-এর একটি দল রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সারোয়ার-তামিম গ্রুপের দুই প্রকৌশলীসহ পাঁচ সদস্যকে গ্রেপ্তার করে। ওই ঘটনায় বাড্ডা থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করা হয়। তাঁদের দেওয়া তথ্য ও র‍্যাবের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উত্তরার ১২ নম্বর সেক্টরের নিজ বাসা থেকে মুশফিককে গ্রেপ্তার করা হয়। তিনি বলেন, মুশফিককেও বাড্ডা থানায় করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আদালতে পাঠিয়ে তাঁর সাত দিনের রিমান্ডের আবেদন জানালে শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।